শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে এখন পর্যন্ত কোন জয় পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। চারটি ম্যাচ খেলেছে ড্র হয়েছে তিনটিতে, বাকি এক ম্যাচ হেরেছে বাংলাদেশ। শক্তির বিচারে শ্রীলংকা এগিয়ে, তবুও অতীতে খেলার অভিজ্ঞতা থাকার কারণে এবার ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছে স্বাগতিকরা। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে চারদিনের ম্যাচ। অতীত অভিজ্ঞতার কারণেই বাংলাদেশ চাইছে শ্রীলংকার বিপক্ষে ভালো খেলতে।
বর্তমান অনূর্ধ্ব-১৯ দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছে যাদের মধ্যে অনূর্ধ্ব-১৭ থেকে উঠে এসেছে অনেকে। এদের মধ্যে অধিনায়ক মুসাদ্দেক হোসেন সৈকত অন্যতম। শ্রীলংকার বিপক্ষে তারা ভালো খেলবেন, তারই প্রতিশ্রুতি দিলেন কাল সংবাদ সম্মেলনে, ‘আমরা ভালো খেলে এখানে এসেছি। শ্রীলংকার বিপক্ষে চারদিনের ম্যাচে সেটার প্রতিফলন ঘটাতে চাই। আমরা নিজেদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবো’।
২০১৪ সালে এশিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই দুই দলের জন্য এই সিরিজটি বিশ্বকাপের মহড়া বলা যায়। সেক্ষেত্রে দুই দলের জন্যই এই সিরিজটি গুরুত্বপূর্ণ। স্বাগতিক হিসেবে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, আজ মাঠে নামার আগে স্বাগতিককে সমীহ করেই মাঠে নামবে সফরকারীরা। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার শিরান অবিসেকেরা এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ দল নিজেদের মাটিতে ভালো ক্রিকেট খেলে থাকে। আশা করছি এই সিরিজে দুই দল ভালো ক্রিকেট উপহার দিবে’।
সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচটি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে শুরু হবে ১৬ এপ্রিল থেকে। দুটি চারদিনের ম্যাচ ছাড়াও এই সিরিজে রয়েছে পাঁচটি ওয়ানডে ম্যাচও।
