আল কায়েদা ও সিরীয় জঙ্গিগোষ্ঠী জাবাত আল নুসরা একীভূত

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২১:০৭
ইরাকের আল কায়েদা সিরিয়ার আসাদবিরোধী জঙ্গিগোষ্ঠী জাবাত আল নুসরাকে নিজেদের সাথে একত্রীকরণের ঘোষণা দিয়েছে। গত সোমবার ইরাকের আল কায়দা প্রধান আবু বকর আল বাগদাদি এ ঘোষণা দেন। জাবাত আল নুসরার সাথে সম্পর্কিত একটি ওয়েব সাইটে গত বুধবার এ খবর নিশ্চিত করা হয়। সিরিয়ার সরকার বিরোধী লড়াইয়ে বড় ভূমিকা পালন করেছে জাবাত আল নুসরা। সরকারি বাহিনীর সাথে তারা মারাত্মক সব লড়াইয়ে অংশ নিয়েছে এবং বড় বড় আত্মঘাতী হামলা চালিয়েছে। সংগঠনটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত। আল কায়েদার সাথে সম্পর্কের ব্যাপারে এই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিলো জাবাত আল নুসরা। আবু বকর বলেন, এখন থেকে পৃথিবী জানবে জাবাত আল নুসরা ইরাকের আল কায়েদারই একটি অবিচ্ছেদ্য অংশ। তারা তাদের বাজেটের অর্ধেকটা রাখবে জাবাত আল নুসরার জন্য। দুই দেশেই সংগঠনটির নেতৃত্ব দেবেন তিনি। এই ঘোষণা পশ্চিমা বিশ্ব ও উপসাগরীয় যেসব দেশ সিরিয়ার বিদ্রোহীদের সাহায্য করছে তাদের চিন্তায় ফেলবে। এই ঘটনা সিরিয়ার অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে বিরক্তির সৃষ্টি করবে। যুদ্ধের ময়দানে বীরত্বপূর্ণ ভূমিকার কারণে অন্যরা তাদের শ্রদ্ধা করত। কিন্তু আল কায়েদার সাথে সম্মিলনের ফলে বিদ্রোহীদের বিদেশ থেকে অস্ত্র সাহায্য পাওয়া কঠিন হয়ে পড়বে। ২০১২ সালে বিদ্রোহী গোষ্ঠী জাবাত আল নুসরার অভ্যুদয় ঘটে। ইরাকের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানান, তারা আগে থেকেই জানতেন আল নুসরাকে পরিচালনা করে ইরাকের আল কায়দা।