নাটকীয়তার পরেও অঘটনহীন দ্বিতীয় লেগ

সেমিতে রিয়াল-ডর্টমুন্ড

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২২:০০
প্রথম লেগের ম্যাচে ৩-০ গোলে এগিয়ে থাকার সুবাদে রিয়ালের সেমিতে যেতে খুব বেগ পেতে হবে না এটা জানাই ছিল। আর তাই গ্যালাতাসারের মাঠে ৩-২ গোলে হারের পরেও গোলসংখ্যায় এগিয়ে থাকায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমি ফাইনালের টিকেট পেল রিয়াল মাদ্রিদ। আর শেষ মুহূর্তের নাটকীয়তায় মালাগার বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে সেমি নিশ্চিত করলো জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। গত সপ্তাহে প্রথম লেগের ম্যাচে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা মালাগার সাথে গোল শূন্য ড্র করে অনেকটাই পিছিয়ে পড়েছিল ডর্টমুন্ড। নিজেদের মাঠ সিগনাল ইডুনা পার্কে গতকাল দ্বিতীয় লেগের ম্যাচে ৮২ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থেকে ডর্টমুন্ডের শেষ চারের স্বপ্নও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু মার্কো রেউস প্রথম ইনজুরি টাইমের প্রথম মিনিটে সমতা ফিরিয়ে বুন্দেসলিগার ক্লাবটির আশা জাগিয়ে তোলে। ড্র হলে এ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে মালাগাই যেত সেমিফাইনালে। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। দুই মিনিট পরে ফিলিপ সানাটানা গোলেপোস্টের খুব কাছ থেকে স্বাগতিকদের এগিয়ে দিয়ে শুধুমাত্র জয়ই নিশ্চিত করেননি, সাথে সাথে ৬৬ হাজার দর্শককে আনন্দে ভাসিয়েছেন। তবে মালাগা কোচ ইমানুয়েল পেলিগ্রিনি এই পরাজয়কে মেনে নিতে পারছেন না। তিনি ম্যাচের স্কটিশ রেফারি ক্রেইগ থমসনের দিকে আঙ্গুল তুলে বলেছেন, ‘ম্যাচে অসংখ্য ফাউলের পরেও তাদের শাস্তি হয়নি। আমার মতে কমপক্ষে দু’টি লাল কার্ড বেশ যৌক্তিক ছিল। আর তাদের শেষ গোলটা পরিষ্কার অফ-সাইড ছিল। আমরা মাঠে পেশাদারিত্ব দেখাতে চাই। তবে কিছু সময় ব্যাপারটা আমাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়।’ অন্যদিকে দু’বার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় হতাশ মালাগার স্ট্রাইকার রক সান্তা ক্রুজ বলেন, ‘সেমি থেকে আমরা মাত্র চার মিনিট দূরে ছিলাম। ড্রেসিং রুমে সবাই বেশ হতাশ হয়ে পড়েছে। ম্যাচটা পুরোপুরি আমাদের হাতে ছিল।’ অপর ম্যাচে ইস্তানবুলে টেলেকম অ্যারেনাতে আতিথ্য পাওয়া রিয়াল মাদ্রিদ ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পরের রাউন্ড নিশ্চিত করে। গত সপ্তাহে স্যান্টিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ৩-০ গোলে জয়ী হয়েছিল হোসে মরিনহোর দল। সেই সুবিধাকে কাজে লাগিয়ে গতকাল ৩-২ গোলে পরাজিত হলেও দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠে রিয়াল। ম্যাচের ৭ মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে গিয়েছিল সফর-কারীরা। কিন্তু দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে গ্যালাতাসারের তিন গোল দারুণভাবে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়ে আনে। গোল করেন গ্যালাতাসারের তিন তারকা ইমানুয়েল ইবোউ, ওয়েন্সলি স্নেইডার ও দিদিয়ের দ্রগবা। তবে স্টপেজ টাইমে রোনালদোর দ্বিতীয় গোল তুরষ্কের দলটিকে আর সামনে এগুতে দেয়নি। ম্যাচের পর তুরস্কের সমর্থকদের প্রশংসা করে কোচ মরিনহো বলেন, ‘গ্যালাতাসারে আজ ১১ জন নিয়ে খেলেনি। স্টেডিয়ামে উপস্থিত ৫০ হাজার দর্শক ম্যাচে তাদের হয়েই খেলেছে।’ হারের পরেও সেমি’র টিকেট পাওয়ার পর পর্তুগীজ এই কোচ এখন বেশ সতর্ক, ‘এখন আমাদের ভাল একটি দলের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে। তারা যে দুর্দান্ত একটি দল হবে সেই ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে এখন এসব নিয়ে আমরা মোটেও মাথা ঘামাচ্ছি না।’ তবে, সেমিতে বার্সেলোনার বিপক্ষে লড়াইটাকে এড়াতেই চান মরিনহো, ‘বার্সেলোনা না পিএসজি? প্যারিসে আমার বেশ কয়েকজন বন্ধু আছে। তবে বার্সেলোনায় এমন কেউ নেই।’ মঙ্গলবারের ম্যাচ কোয়ার্টার ফাইনাল (দ্বিতীয় লেগ) বরুশিয়া ডর্টমুন্ড ৩ মালাগা ২ গ্যালাতাসারে ৩ রিয়াল মাদ্রিদ ২