মুম্বাইয়ের টানা দ্বিতীয় জয়

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২২:০১
দিনেশ কার্তিক এবং রোহিত শর্মার দারুণ ব্যাটিংয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকরা গত মঙ্গলবার ৪৪ রানে হারায় দিল্লিকে। টুর্নামেন্টের আজকের দুটি ম্যাচে মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স এবং পুনে ওয়ারিয়র্স ও রাজস্থান রয়্যালস। এবার আইপিএলের শুরু থেকেই ভালো ফর্মে আছেন দিনেশ কার্তিক। প্রথম দু’ ম্যাচে রান যথাক্রমে ৩৭ ও ৬০। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবারের ম্যাচে কার্তিকের ব্যাট থেকে এল তার আইপিএল সর্বোচ্চ ৮৬ রানের ইনিংসটি। টুর্নামেন্টে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের স্বীকৃতি স্বরূপ ‘অরেঞ্জ ক্যাপটি’ও তার দখলে। ১২ টি চার এবং দুটি ছয়ের সহায়তায় করা এই উইকেটকিপার ব্যাটসম্যানের ৪৮ বলে ৮৬ রানের ইনিংসটিই মূলত মুম্বাইকে ২০৯ রানের পাহাড়ে তুলে দেয়। তবে এতে কিছুটা হলেও অবদান আছে রোহিত শর্মারও। অপরাজিত ৭৪ রানের দারুণ একটা ইনিংস খেলেছেন তিনিও। আর শেষ দিকে আম্বাতি রাইডুর মাত্র ৮ বলে ২৪ রানের একটা ‘ক্যামিও ইনিংস’ মুম্বাইয়ের রানকে দিল্লির নাগালের বাইরে নিয়ে যায়। বড় রানের তাড়ায় নেমে সফরকারিরা ইনিংসের প্রথম বলেই হারায় ওপেনার উন্মুক্ত চাদের উইকেটটি। দলীয় ১৩ রানে ফিরে যান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও। তবে একপ্রান্তে ডেভিড ওয়ার্নার খেলছিলেন স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে। ৩৭ বলে ৬১ রানের ইনিংস খেলে তিনি ফিরে গেলে দিল্লির জয়ের আশাও অনেকটা শেষ হয়ে যায়। শেষ দিকে মরনে মরকেলের ২৩ রানের ইনিংসে শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে সক্ষম হয় তারা। নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে তারা। টুর্নামেন্টে এখনো পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটিতে জয় পাওয়া শিরোপাধারী কলকাতা দ্বিতীয় জয়ের লক্ষ্যে আজ আতিথেয়তা নেবে বেঙ্গালুরুর মাঠে। তবে সেটা সহজ হবে না মোটেও। আগের ম্যাচেই দারুণ একটা জয় পাওয়া বেঙ্গালুরু ঘরের মাঠে নিশ্চিতভাবেই দারুণ আত্মবিশ্বাসী থাকবে। অন্যদিকে দিনের অন্য ম্যাচে পুনে তাদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে রাজস্থানের বিরুদ্ধে।