ওয়ানডে সিরিজেও হার প্রমিলা ক্রিকেটারদের

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২২:০১
বাংলাদেশের মেয়েরা ভারতের মাটিতে টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজেও হারলো। আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে গতকাল বুধবার অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে ৪৬ রানে হারে সালমা খাতুনের দল। রুমানা আহমেদের লড়াকু ৭৫ রানের পরও হারটি এড়ানো যায়নি। এর আগে প্রথম ওয়ানডেতে জাতীয় মহিলা দল পাঁচ উইকেটে পরাজিত হয়েছিল। এখন তাদের সামনে তাই ১২ এপ্রিল শেষ খেলায় ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর লড়াই। স্বাগতিকরা অধিনায়ক হারমানপ্রিত কাউরের অলরাউন্ড নৈপুণ্যে অনায়াস জয়টি পায়। টস জিতে ব্যাটিং নেয়ার পর হারমানপ্রিতের সেঞ্চুরি ও ওপেনার পুনম রাউতের ইনিংসে বাংলাদেশের মেয়েদের বিরুদ্ধে ছয় উইকেটে ২৫৬ রান তোলে। কাউর ১০০ বলে ১১টি চার ও দুই ছক্কার মারে ১০৩ রান করেন। পুনম করেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৮০ রান। সফরকারীদের পক্ষে দুটি করে উইকেট নেন জাহানারা ও সালমা। এর মধ্যে বাংলাদেশ অধিনায়ক সালমা নেন তার প্রতিপক্ষের উইকেটটি। পুনমের উইকেটটি নেন জাহানারা। জয়ের জন্য ২৫৭ রানের তাড়ায় বাংলাদেশ দল নির্ধারিত ৫০ ওভার ব্যাট করতে সক্ষম হলেও নয় উইকেটের বিনিময়ে ২১০ রানের বেশি তুলতে পারেনি। জয়ের জন্য বাংলাদেশের মেয়েদের দরকার ছিল ওভার প্রতি পাঁচ রান করে। কিন্তু ভারতীয় বোলাররা আটোসাটো বোলিংয়ের পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকলে জয় ক্রমশ কঠিন হতে থাকে। এর মধ্যেই রুমানা ও লতা মণ্ডল তৃতীয় উইকেটে ৭৬ রানের ভাগিদারী গড়ে একটা চেষ্টা চালান। লক্ষ্যে তাড়া করতে গিয়ে দৃঢ় ব্যাটিংই করেছে বাংলাদেশ। কিন্তু রানের পাহাড়ে উঠতে গিয়ে হোঁচট বরাবরই খেতে হয়েছে তাদের। রুমানা আহমেদ ৯৪ বলে আট চারে সর্বোচ্চ ৭৫ রান করেন। ৩৫তম ওভারে রুমানা বিদায় নেন। এরপর অবশিষ্ট ১৫ ওভারে দরকার ছিল ১১৪ রান। কিন্তু বাংলাদেশের শেষ সাতটি উইকেটের পতন হয় মাত্র ৫৬ রানে। রুমানার ৯৪ বলের ইনিংসটিতে ছিল আট বাউন্ডারির মার। সালমার ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান। এছাড়া লতা মণ্ডলের ২৮, ফারজানা হকের ২৬ রান ছিল উল্লেখ করার মতো। স্বাগতিকদের পক্ষে টানা দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নেন একতা বিশত। দুটি নেন অধিনায়ক কাউর। সিরিজের শেষ ওয়ানডেটিও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।