শ্রীলঙ্কান যুব দলের ব্যাটিং দাপট

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২২:০২
সাঙ্গাকারা, জয়বর্ধনে, দিলশানদের বিদায়ের পর শ্রীলঙ্কা একটা বিপদে পড়বে বলে অনেকেই আশঙ্কা করেন। আর এই আশঙ্কার জবাবে গত কয়েক মাস ধরেই প্রধান নির্বাচক সনথ জয়সুরিয়া বলে চলেছেন, তাদের যুব দলে অনেক প্রতিভাধর ব্যাটসম্যান আছেন। জয়সুরিয়ার কথার প্রমাণ পাওয়া গেল কাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের তরুণরা বাংলাদেশের বিপক্ষে প্রথম তিনদিনের ম্যাচের প্রথম দিনটা কার্যত নিজেদের করে নিলেন। মিডল অর্ডারে দুই ব্যাটসম্যানের ফিফটি ও টপ-মিডলের বাকিদের মাঝারি মানের ইনিংস মিলিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনদিনের ম্যাচের প্রথম দিনে ৫ উইকেটে ৩৩১ রান তুলে ফেললো শ্রীলঙ্কানরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ওপেনার কুশল মেন্ডিস ও হাসান দুমিন্দু ভালো সূচনা এনে দেন। কুশল ৪৬ রানে ও হাসান ৩৬ রানে ফিরে যান। এরপর দ্রুত ফিরে যান ৩৬ রান করা কুলাসেকেরা ও একই রান করা দেবিন্দা। আর এরপরই সানদুন উরিকোডি ও মিনোড ভানকুয়ার প্রতিআক্রমণ শুরু হয়। উরিকোডি ৫৯ রান করে ফেলেন। তবে দিনের শেষে ভানকুয়া উইকেটে আছেন ৮২ রান করে। শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের এই দাপটের মধ্যে জুবায়ের ১১৭ রানে ৩ উইকেট নেন। তুলনামূলক ভালো বোলিং করা মেহেদী ৩৯ রানে নিয়েছেন ২ উইকেট। সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস:৯০ ওভারে ৩৩১/৫ (উরিকোডি ৫৯, ভানকুয়া ৮২, কুশল ৪৬, হাসান ৩৬, কুলাসেকেরা ৩৬, দেবিন্দা ৩৬; জুবায়ের ৩/১১৭, মেহেদী ২/৩৯)।