বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে শেখ রাসেল ক্রীড়া চক্র আরো এগিয়ে গেল। দলটি এখন তাদের অবশিষ্ট দুই ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ফেনীর সকার ক্লাবের বিরুদ্ধে জিতলেই চ্যাম্পিয়ন। এমনকি একটি ম্যাচ যদি ড্রও হয় তাহলেও শিরোপা থাকবে রাসেলের ঘরে। গতকাল আরামবাগকে হারিয়ে ১৪ খেলায় শেখ রাসেলের অর্জন দাঁড়ালো ৩২ পয়েন্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকাল রাতের ম্যাচে আরামবাগের বিরুদ্ধে শেখ রাসেলের ২-১ গোলের জয়টা এনে দেন হাইতির সনি নর্দে এবং এমিলি। মনিরুজ্জামান মামুনের গোল আরামবাগ হারের ব্যবধান কমিয়েছে। তবে কাল ১৭ মিনিটে সনি নর্দে এবং ৩৬ মিনিটে এমিলি গোলের পর শেখ রাসেল যেভাবে নিশ্চিত জয় ভেবে গা এলিয়ে দিয়েছিল তারই খেসারত দিতে হয়েছে ৫৭ মিনিটে গোল হজম করে।
আরামবাগ তো সুযোগ পেয়ে মরণকামড় বসিয়ে দিয়েছিল শেখ রাসেলের উপর। কারণ তারা ১৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে রেলিগেশনের শংকায়। দুই গোলে পিছিয়ে পড়ে ব্যবধান কমালেও (২-১) দুর্ভাগ্যের কারণে দ্বিতীয় সুযোগটা কাজে লাগাতে পারেনি। খেলার শেষ মুহূর্তে ইনজুরি টাইমে শেখ রাসেলের ফাঁকা পোস্টে নাইজেরিয়ান জোয়েল পা লাগাতে পারেননি, পেছন থেকে ডালিম বল পোস্টের বাইরে মেরে সমতা আনার সহজ সুযোগ নষ্ট করেন। নইলে কাল শেখ রাসেলকে পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়তে হতো।
তিন দলের পয়েন্ট
শেখ রাসেল ১৪ ১০ ২ ২ ৩২
আবাহনী ১৪ ৮ ৫ ১ ২৯
শেখ জামাল ১৩ ৮ ৪ ১ ২৮
