বীরেন্দ্র শেবাগ ভারতের হয়ে তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। শেবাগ সম্পর্কে এমনটাই ভাবছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান এবং বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার জিওফ্রে বয়কট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে শেষ দুটি টেস্ট থেকে বাদ দেয়া হয় শেবাগকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ৩০ জনের দলেও রাখা হয়নি তাকে। এই ব্যাপারটার দিকে ইঙ্গিত করে বয়কট ইএসপিএন ক্রিকইনফোর একটি অনুষ্ঠানে বলেন,‘আমার মনে হয় না সে আর সুযোগ পাবে। ভারত সঠিক পথেই হাঁটছে। যদিও তাদের সিদ্ধান্তটা নিতে বেশ সময় লেগেছে।’ দলের তরুণ খেলোয়াড়রা ভাল করছেন। আর শেবাগের দলে ফিরতে না পারার পেছনে এটাকেই মূল কারণ হিসেবে মনে করছেন বয়কট। শেবাগকে গত ২০ বছরের অন্যতম সেরা ব্যাটসম্যান আখ্যায়িত করে বয়কট বলেন, ‘সে তার মতো করে খেলেছে। কিছু উইকেটে সে দারুণ সফল। তবে বাউন্স এবং সুইং সহায়ক উইকেটে তার দুর্বল রক্ষণ কৌশল বোলাররা ধরে ফেলেছে। তবে মূল ব্যাপারটা হচ্ছে নিজের মতো খেলেই সে সাফল্য পেয়েছে।’
