ক্রোয়েশিয়া বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ জয়ের সুবাদে ফিফা র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে ২০১৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আরো একধাপ নিচে নেমে ১৯ নম্বরে অবস্থান করছে। ব্রাজিল এর আগে কখনোই ফিফা র্যাঙ্কিংয়ে এত নিচে নামেনি।
বাংলাদেশ সর্বশেষ র্যাঙ্কিংয়ে আরো তিন ধাপ উপরে উঠে এসে অবস্থান করছে ১৫৪তম স্থানে।
বিশ্বকাপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেন র্যাঙ্কিংয়ের এক নম্বরেই রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও কোন পরিবর্তন আসেনি। এ দুটি অবস্থান ধরে রেখেছে যথাক্রমে জার্মানি ও আর্জেন্টিনা। পর্তুগাল দুই ধাপ এগিয়ে আছে পাঁচে।
কলম্বিয়া ছয় নম্বরেই রয়েছে। ইংল্যান্ড সাত ও ইতালি রয়েছে আট নম্বরে। তবে এই দুটি দলই তিনধাপ নেমে গেছে। নেদারল্যান্ডস এক ধাপ নেমে নয়ে অবস্থান করছে।
ইকুয়েডর দশমস্থানে উঠে এসেছে। আইভরি কোস্ট ১২ নম্বরে উঠে আসতে সক্ষম হয়েছে। এক ধাপ উন্নতি হয়েছে আফ্রিকান দেশটির। আফ্রিকানদের মধ্যে শীর্ষে রয়েছে আইভরি কোস্ট। মেক্সিকো একধাপ উন্নতি ঘটিয়ে ১৪ নম্বরে উঠে আসতে পেরেছে।
চার বছরের একটি চক্র ধরে প্রাপ্ত ফলাফলগুলোর ভিত্তিতে প্রণীত হয় এই বিশ্ব র্যাঙ্কিং। ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের বলে তাদের বিশ্বকাপ বাছাই খেলতে হচ্ছে না। এই সময়ে তারা মূলত প্রীতি ম্যাচ খেলছে। ফিফার নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতামূলক খেলার তুলনায় প্রীতি ম্যাচের জন্য পয়েন্টের বরাদ্দ কম। এই জন্যই পয়েন্টের দৌড়ে পিছিয়ে পড়েছে দেশটি। তার মধ্যে আবার মার্চে অনুষ্ঠিত খেলাগুলোয় বলিভিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে জয়ী হওয়ার আগে দুটি প্রীতি ম্যাচে রাশিয়ার সাথে ১-১ এবং ইটালির বিরুদ্ধে ২-২ গোলের ড্রয়ে বাধ্য হয়।
