আইইবি’র ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০৭ মে ২০১৯, ১৬:০৮

সম্প্রতি পালিত হল দেশের প্রকৌশলীদের জাতীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (৭ মে) রাজধানীর রমনায় আইইবি প্রঙ্গণে সকাল ৮টায় আইইবি সদর দফতর এবং ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিনের শুরুতে প্রতিষ্ঠানটির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইইবির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় সংঙ্গীতের বাজানোর সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উঠিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন শেষে আইইবি প্রঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি মৎস ভবন মোড় প্রদক্ষিণ করে আবার আইইবি প্রঙ্গনে আসে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, 'উন্নত জগত গঠন করুন, এ সুমহান আদর্শকে সামনে রেখে জাতীয় উন্নয়ন তথা দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে ১৯৪৮ সালের ৭ মে ইনস্টিটিউশন যাত্রা শুরু করে। এর পর থেকে আইইবি জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। আইইবি দেশের উন্নয়নে সরকারকে সব সময় সকল ধরণের সহযোগীতা করে থাকে। বর্তমানে আমাদের প্রকৌশলীরাই দেশের সব বড় বড় উন্নয়ন প্রকল্প দক্ষভাবে পরিচালনা করছেন। অথচ অনেক সময় দেখা যাচ্ছে আমলারা প্রকৌশলীদের জায়গা দখল করে আছে। প্রকৌশলবিদ্যা না থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকল্প আমলারা পরিচালনা করছে। যার ফলে অনেক সময় সেই সব প্রকল্প থেকে ভালো ফলাফল পাওয়া যায় না। শুরু দেশের অর্থ নষ্ট হয়।' তাই প্রকৌশলীদের কাজ প্রকৌশলীদের দিয়েই পরিচালনা করানোর দাবি জানান বক্তারা।  

আরও পড়ুন:  রমজানে খাদ্যে ভেজাল দেওয়ায় ব্যবসায়ীদের জরিমানা

আইইবি’র ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বানী দিয়েছেন। বানীতে তারা আইইবি'র সকল প্রকৌশলীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, আইইবির ভাইস- প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, প্রকৌশলী এস এম মনজরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী ওয়ালী উল্লা সিকদার, সম্মানী সম্পাদক প্রকৌশলী শাহাদৎ হোসেন শীবলু প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি