উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরুন :চীনের প্রতি যুক্তরাষ্ট্র

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২০:৫৫
উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরতে চীনকে সর্বশক্তি প্রয়োগের অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়াকে তার ‘যুদ্ধংদেহী মনোভাব’ থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে, লন্ডনে জি-৮ বৈঠকে কড়া ভাষায় উত্তর কোরিয়ার নিন্দা জানানো হয়েছে। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এর আগে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ‘উস্কানিমূলক’ কর্মকাণ্ড রোধে তাদের লাগাম টেনে ধরতে চীনকে সর্বশক্তি প্রয়োগের অনুরোধ জানান তিনি। দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে এই অনুরোধ জানিয়ে তিনি চীনকে জরুরি ভিত্তিতে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা করারও আহ্বান জানিয়েছেন। এই সফরে কেরি সিউল, বেইজিং ও টোকিওর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সম্প্রতি উত্তর কোরিয়ার দেয়া একের পর এক হুমকির কারণে কোরীয় উপদ্বীপে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পারমাণবিক হামলার হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়া। এ পরিস্থিতিতে এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জোরালো ভূমিকা রাখার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কেরির সঙ্গে থাকা এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার ওপর যে চীনের প্রভাব সবচেয়ে বেশি, তা সবারই জানা। আমরা চাই চীন তার প্রভাব কাজে লাগিয়ে পিয়ংইয়ংকে নির্বৃত্ত করুক। তা না হলে এ অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা কঠিন হবে।’ এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়াকে তার ‘যুদ্ধংদেহী মনোভাব’ থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র তার নাগরিকদের রক্ষায় ও মিত্র দেশের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সাথে আলোচনার পর বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। ঐ বৈঠকে ওবামা আরো বলেন, কোরীয় উপদ্বীপে সংঘর্ষ শুরু হোক এটা কেউ চায় না। অপরদিকে, বান কি মুন বলেন তিনি আশা করছেন চীনসহ বিভিন্ন দেশ চলমান সংকট নিরসনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এরই মধ্যে লন্ডনে জি-৮ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার অত্যন্ত কড়া ভাষায় উত্তর কোরিয়ার পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির তীব্র নিন্দা জানিয়েছেন। এবারের আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে কোরিয়া ইস্যু উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে কোরিয়া উপদ্বীপে সৃষ্ট উত্তেজনার নিন্দা জানিয়ে জি-৮ পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, এতে করে ডিপিআরকে (উত্তর কোরিয়া) কেবল বহির্বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে। বৃহস্পতিবার বৈঠক শেষে এক ঘোষণাপত্রে উত্তর কোরিয়াকে ভবিষ্যতে আর কোনো উস্কানি দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় জি-৮ ভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কানাডা, ও রাশিয়ার মন্ত্রীরা। উত্তর আয়ারল্যান্ডে এ বছরের জি-৮ শীর্ষ সম্মেলনের আগে বুধবার লন্ডনে এ আগাম বৈঠকে বসেন নেতারা। প্রসঙ্গত, যুক্তরাজ্য জি-৮ এর বর্তমান চেয়ারম্যান।