স্পেন বনাম জার্মানি!

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২১:২১
সেমিফাইনাল সূচী : চ্যাম্পিয়ন্স লিগ ২৩ এপ্রিল ও ১ মে বায়ার্ন মিউনিখ বার্সেলোনা ২৩ এপ্রিল ও ১ মে বরুশিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদ ফাইনাল ২৫ মে, ওয়েম্বলি ইউরোপা লিগ ২৫ এপ্রিল ও ২ মে ফেনেরব্যাচ - বেনফিকা বাসেল - চেলসি একদিকে জার্মানি, অন্যদিকে স্পেন; সম্পূর্ণ ভিন্নরকম এই ফুটবলের লড়াই দেখা যাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। গতকাল অনুষ্ঠিত হয়ে গেল সেমিফাইনালের ড্র। বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে বরুশিয়া ডর্টমুন্ড। গেল সপ্তাহের বুধবারেই নিশ্চিত হয়ে গিয়েছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের চারটি দল। অপেক্ষা ছিল শুধু ড্রয়ের। আর তাতে মরিনহোর ইচ্ছাই পূরণ হল। সেমিফাইনালে বার্সেলোনাকে এড়াতে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ কোচ। উয়েফার হেড কোয়ার্টারে গতকাল ড্র অনুষ্ঠানে নির্ধারিত হয় সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়বে গতবারের লা লিগা চ্যাম্পিয়নরা। আর এবারের জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আগামী ২৩ ও ২৪ তারিখ সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় লেগ হবে ৩০ এপ্রিল ও ১ মে। এরপর ২৫ মে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। জার্মানির ঘরোয়া ফুটবল লিগ বুন্দেসলিগায় এবার শিরোপা থেকে বঞ্চিত হলেও চ্যাম্পিয়ন্স লিগে বেশ ফর্মে আছে বরুশিয়া। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আছে দলটি। সেমিফাইনালে তার টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদকে পাচ্ছে। গ্রুপ পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেড, আয়াক্স ও রিয়াল মাদ্রিদের সাথে একই গ্রুপে খেলে বরুশিয়া। তবে বরুশিয়ার জন্য সবচেয়ে বড় পরীক্ষা নিয়ে আসে ‘ছোট দল’ মালাগা। বিপদের সম্মুখীন রিয়ালকেও হতে হতো যদি না তারা প্রথম লেগে ৩-০ গোলে জয় পেতো। গ্যালাতাসারের বিপক্ষে নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে এই বিশাল ব্যবধানে জয়ের পর এমনিতেই সেমির পথে তারা একধাপ এগিয়ে ছিল। আর তাই ইস্তাম্বুলে ৩-২ গোলে পরাজয়ের পরও ঠিকই শেষ চারে পৌঁছে গেল তারা। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে অল্পের জন্য শেষ রক্ষা হল বার্সেলোনার। ফরাসী দল প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে গেল কাতালানরা। প্রথম লেগে প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলে ড্র করে দল দুটি। অন্যদিকে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের পথ এতোটা কঠিন ছিল না। নিজেদের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জয়ের পর তাদের সেমিফাইনালে ওঠা অনেকটা নিশ্চিত হয়েই ছিল। আর বৃহস্পতিবার রাতে জুভেন্টাসের মাঠে ২-০ গোলের জয় নিয়ে হেসে-খেলেই সেমিফাইনালে পৌঁছালো তারা। সেমিফাইনালে দুই স্প্যানিশ জায়ান্ট জয় পেলেই ফাইনালে ‘এল ক্ল্যাসিকো’ দেখবে ফুটবল বিশ্ব। আর সেই ফাইনালে জিতলেই ২০০২ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতবে রিয়াল মাদ্রিদ। আর বেনফিকা, ইন্টার মিলানের পর তৃতীয় দল রিয়াল মাদ্রিদের হয়ে শিরোপা জিতে নতুন ইতিহাস গড়বেন হোসে মরিনহো। এদিকে একইদিনে অনুষ্ঠিত হয় ইউরোপা লিগের ড্র। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে কোন ইংলিশ দল না থাকলেও ইউরোপা লিগে একই পর্যায়ে ছিল তিনটি দল। তবে সেমিফাইনালে পৌঁছাতে পেরেছে কেবল গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল চেলসি। সেমিফাইনালে তাদের মোকাবেলা হবে বাসেলের সাথে। অপর সেমিফাইনালে লড়বে বেনফিকা ও ফেনেরব্যাচ।