ইউরোপা লিগে বৃহস্পতিবারের ফল
কোয়ার্টার ফাইনাল, ফিরতি লেগ
রুবিন কাজান ৩ চেলসি ২
এফসি বাসেল (৪)২ টটেনহ্যাম (১)
ল্যািসও ১ ফেনেরব্যাচ ১
নিউ ক্যাসল ইউনাইটেড ১ বেনফিকা ১স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশদের প্রতিনিধিত্ব কোয়ার্টার ফাইনালের আগেই শেষ হয়ে গেছে। কিন্তু দাপট ছিল তাদের ইউরোপা লিগে। কোয়ার্টার ফাইনালে তিনটি ইংলিশ ক্লাব লড়ছিল। কিন্তু শেষ পর্যন্ত একমাত্র চেলসি ছাড়া সেমিফাইনালে উঠতে পারেনি কেউই। কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে এগিয়ে থাকার সুবাদে রুবিন কাজানের বিপক্ষে দ্বিতীয় লেগে হেরেও সেমিফাইনালের টিকিট কেটেছে গতবারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসি।
চেলসির এই এগিয়ে যাওয়ার রাতে বিদায় নিয়েছে টটেনহ্যাম ও নিউক্যাসেল ইউনাইটেড। দশজনের টটেনহ্যামকে ফিরতি লেগে পেনাল্টি গোলে হারিয়ে গত বৃহস্পতিবার সেমিফাইনালে উঠেছে সুইজারল্যান্ডের দল বাসেল। ইংল্যান্ডের আরেক দল নিউ ক্যাসল ইউনাইটেডও বিদায় নিয়েছে; ফিরতি এই লেগে বেনফিকার বিপক্ষে নিউক্যাসেল ড্র করলেও প্রথম লেগে এগিয়ে থাকার ফলে সেমিফাইনালে উঠেছে পর্তুগিজ ক্লাবটি। প্রথম লেগে এগিয়ে থাকার সুবাদে লািসওর বিপক্ষে ড্র করেও প্রথমবারের মতো সেমিফাইনালে গেছে ফেনেরবাচে।
টটেনহ্যামের বিপক্ষে স্বাগতিক বাসেল ফিরতি লেগের কোয়ার্টার ফাইনালটি জিতেছে পেনাল্টি শুটআউটে ৪-১ ব্যবধানে। দারুণ নাটকীয় কোয়ার্টার ফাইনালে দু’ লেগেই একই ব্যবধানে ড্র হয়েছে দু’ দলের। প্রথম লেগে ২-২ ড্রয়ের পর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৃহস্পতিবারের ম্যাচেও ৯০ মিনিটের খেলা শেষে ফলাফল ছিল ২-২! অতিরিক্ত সময়ে ৩০ মিনিটেও কোনো দল ফলাফল নিজের পক্ষে নিতে পারেনি। ফলে পেনাল্টি গড়ায় ম্যাচটি। পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন টটেনহ্যামের টম হাডলস্টোন ও ইমানুয়েল আদেবায়োর।
টটেনহ্যামের হয়ে গোল দুটি করেছিলেন ক্লিন্ট ডেম্পসে। টটেনহ্যামের জেন ভারটনঘেন ৯০ মিনিটে লাল কার্ড নিয়ে মাঠ ছেড়েছিলেন। দশজনের টটেনহ্যাম প্রাণপণ লড়াই করেছে।
এদিকে চেলসি রাশিয়ার দল রুবিন কাজানের বিপক্ষে ৩-২ গোলে হেরেও সেমিফাইনালে উঠেছে। কারণ প্রথম লেগে চেলসি ৩-১ গোলে হারিয়েছিল রাশানদের। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে লন্ডনের দলটি শেষ চারে উঠে এসেছে। গত বছর চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর এবার ইউরোপা লিগ জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল ইংলিশ ক্লাবটি। চেলসির হয়ে গোল দুটি করেছেন ফার্নান্দো তোরেস এবং ভিক্টোর মোসেস।
চেলসির অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজ অবশ্য শেষ চারে উঠতে পেরেই খুশি। তিনি বলেন, ‘স্কোরলাইনটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। পেশাদারিত্বের সাথে আমরা আমাদের কাজ করেছি এবং খেলোয়াড়দের প্রতি খুশি আমি।’
নিউ ক্যাসল ও বেনফিকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কিন্তু পর্তুগালের দল বেনফিকা প্রথম লেগে ৩-১ গোলে জয়ের ফলে শেষ চারে উঠে গেছে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে।
এদিকে ফেনেরব্যাচ প্রথমবারের মত ইউরোপিয়ান আসরের সেমিফাইনালে উঠল। তুরস্কের দলটি ১-১ গোলে ড্র করেছে ইটালির দল ল্যািসওর বিপক্ষে। প্রথম লেগে ফেনেরব্যাচ ২-০ গোলে জয় পেয়েছিল। দুই লেগ মিলিয়ে তারা ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে নাম লিখিয়েছে।
