অবশেষে পুনের জয়

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২১:২৫
টানা ১১ ম্যাচ হারার পরে অ্যারন ফিন্স এবং রবিন উত্থাপার দুর্দান্ত ওপেনিং জুটির বদৌলতে জয়ের দেখা পেল পুনে ওয়ারিয়র্স। বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে এটিই তাদের প্রথম জয়। ঘরের মাঠে গত বৃহস্পতিবার তারা সাত উইকেটে পরাজিত করে রাজস্থান রয়্যালসকে। টুর্নামেন্টের আজকের দুটি ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই-পুনে এবং চেন্নাই-বেঙ্গালুরু। পাঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচেই মাত্র ৯৯ রানে ইনিংস শেষ করার পরে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছিলেন, ‘প্রথম ছয় ওভারের জন্য দলের ব্যাটসম্যানদের মানসিকতার পরিবর্তন করতে হবে।’ কারণ ঐ সন্ধ্যায় প্রথম ছয় ওভারে পুনে দুই উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল মাত্র ২৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যা একদমই বেমানান। পুনের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়কের কথার সার্থক রূপায়নই যেন ঘটালেন গত রাজস্থানের বিরুদ্ধে। ১৪৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম চার ওভারেই উত্থাপা-ফিন্স তুলে ফেললেন ৫১। পঞ্চম ওভারে উত্থাপা যখন বিদায় নিলেন দলের রান তখন ৫৮। এর মধ্যে তার অবদান ১৬ বলে ৩২! উত্থাপা ফিরে গেলেও আরেক প্রান্তে তাণ্ডব চালিয়ে যান ফিন্স। সপ্তদশ ওভারে ম্যাচ সর্বোচ্চ ৬৪ রান করে তিনি যখন ফিরে যান তখন ম্যাচ বলতে গেলে শেষই। ইনজুরির কারণে গত ম্যাচটি খেলতে না পারা যুবরাজ সিং ম্যাথুসকে নিয়ে বাকি পথটুকু নিরাপদেই পার করেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা রাজস্থান ইনিংসের প্রথম বলেই হারায় পেরেরার উইকেটটি। এরপরে দ্বিতীয় উইকেটে অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং আজিঙ্কা রাহানে ৮০ রানের জুটিতে দলকে একটা শক্ত ভিত্তিতে দাঁড় করান। তবে অল্প রানের ব্যবধানে এই দুজন বিদায় নিলে ব্যাট হাতে ঝলসে উঠতে পারেননি আর কেউই। ফলে বড় সংগ্রহের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ১৪৫ রানেই ইনিংস শেষ করতে হয় সফরকারীদের। স্বাগতিকদের পক্ষে রাহুল শর্মা ১৬ রানে দুটি উইকেট দখল করেন। মারলন স্যামুয়েলসের ইনজুরির কারণে পাওয়া সুযোগটাকে দারুণভাবে কাজে লাগানো ফিন্সই নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা। একদিনের বিরতির পর আজই আবার মাঠে নামতে হচ্ছে পুনেকে। মুম্বাইয়ের মাঠে তাদের মুখোমুখি হচ্ছে তারা। আর দিনের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস খেলবে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে থাকা দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।