ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যখন যিনি সর্বোচ্চ রান সংগ্রাহক থাকেন, তিনি একটা ‘অরেঞ্জ ক্যাপ’-এর মালিক থাকেন। ক্রিস গেইল কলকাতার বিপক্ষে ৮৫ রানের ইনিংস খেলেও ক্যাপটা রাখতে পারেননি; আবার সেটার মালিক তার দলেরই অধিনায়ক বিরাট কোহলি। অবশ্য গেইল বলছেন, তিনি এই ক্যাপ বা সর্বোচ্চ রান নিয়ে খুব একটা ভাবছেন না; ভাবছেন দলের শিরোপা নিয়ে। আর আপাতত খুব খুশি এই কারণে যে, আবার রান-তান্ডবটা ঠিকমতো করতে পারছেন।
ক্রিস গেইল বলেছেন, রান করার পথ তিনি আবার ফিরে পেয়েছেন এবং এই দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখতে চান তিনি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জেতা এই ম্যাচে অসাধারণ পারফরমেন্স করার পর গেইল বলেন, ‘গত দু’ম্যাচে আমার একটা বিষয় ঠিকমতো হচ্ছিল না— আর সেটা হলো ভারসাম্য। আজকের ম্যাচে আমার ভারসাম্যটা ছিলো অসাধারণ।’
কিভাবে আমার রানের ফোয়ারা ছোটাতে পারছেন, গেইল তার ব্যাখ্যাও দিচ্ছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আজ শর্ট বলগুলো মেরেছি। আজ ফুলটাস ও ধীরগতির বলগুলোও ভালোভাবে সামাল দিয়েছি। ইনিংসের মাঝামাঝি সময়ে আপনি এমনটা চিন্তা করতে পারবেন না। তবে এমন সময়ে এগুলোকে অবশ্যই আপনার উতরে যেতে হবে। আশা করছি পরবর্তী ম্যাচগুলোতেও একইভাবে খেলতে পারবো।’
তার কাছ থেকে বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেও তার কোনো দুঃখ নেই উল্লে¬খ করে গেইল বলেন, ‘আমি অরেঞ্জ ক্যাপ নয়, শিরোপা জিততে চাই।’
