স্পোর্টস রিপোর্টার
কোন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। প্রথম ওয়ানডে ম্যাচ বাদ দিলে বাকি দুটিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সালমা খাতুনরা। কাল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ৫৮ রানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুটি সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা। আজ সকাল সোয়া এগারটায় আহমেদাবাদ থেকে দেশে ফিরবে বাংলাদেশ।
রুমানা আকতারের দারুণ বোলিংয়ের মুখে ভারত ১৫৪ রানে অলআউট হলে স্বপ্ন দেখে বাংলাদেশ। কিন্তু ব্যাটসম্যানরা প্রত্যাশানুযায়ী ব্যাটিং করতে পারেননি। দলের ছয় ব্যাটসম্যান দুই অংকের ঘর পাড় করতে ব্যর্থ হয়। সর্বোচ্চ এসেছে অধিনায়ক সালমার ব্যাট থেকে (২২)। পুনম ইয়াদেভ, সগাতিকা রাথ ও একতা বিশটের বোলিংয়ের মুখে পড়ে বাংলাদেশের মহিলা দল ৫৩ বল বাকি থাকতে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে যায়। এর আগে রুমানা চারটি, লতা ও পান্না দুটি করে উইকেট নিলে ভারতের ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে ১৫৪ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও সালমারা হোয়াইটওয়াশ হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারতীয় মহিলা দল- ৪৮.৩ ওভারে ১৫৪/১০ (রাথ ৩০, হারমানপ্রিত ২৯, মন্ধানা ২৩, রুমানা ৪/২০, লতা ২/২৩, পান্না ২/৩৭)।
বাংলাদেশ মহিলা দল- ৪১.১ ওভারে ৯৬/১০ (সালমা ২২. পান্না ১৩, শুকতারা ১২, ফারজানা ১০, রুমানা ১০, পুনম ৩/১৫, রাথ ২/১৫, বিশট ২/১৯)।
ফল: ভারতীয় মহিলা ক্রিকেট দল জয়ী ৫৮ রানে।
সিরিজ: ৩-০ ব্যবধানে ভারত জয়ী।
