ইংলিশ প্রিমিয়ার লিগ

এবার শ্রেষ্ঠত্ব প্রমাণে লক্ষ্য ইউনাইটেডের

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২১:৩২
এরই মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগ প্রায় নিশ্চিত করে ফেলেছে। এরপরেও কিছু ‘কিন্তু’ থেকে যায়। গত শনিবার গতবারের শিরোপা জয়ী দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে পরাজয়ের পর কিছুটা হলেও আত্মবিশ্বাসে ঘাটতি এসেছে ‘অল রেড’দের। ডার্বি হেরে যাওয়ার পর হতাশ হলেও নিজেদের শক্তিমত্তার পরিচয় দিতে চায় ইউনাইটেড। এই ইচ্ছে নিয়েই রেড ডেভিলরা আগামীকাল রবিবার স্বাগতিক স্টোক সিটির বিপক্ষে লড়াই করবে জয়ের জন্য-এমনটিই জানিয়েছেন দলটির লেফট ব্যাক প্যাট্রিক এভরা। এছাড়া আজ শনিবার এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের প্রতিপক্ষ নরউইচ সিটি। অন্যদিকে লিভারপুল মুখোমুখি হবে রিডিংয়ের। বর্তমান চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে ইউনাইটেড ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে। ফলে ইউনাইটেডের শিরোপা হাতের মুঠোয় চলে এসেছে প্রায়। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে সিটির বিপক্ষে ডার্বি হেরে যাওয়ায় ইউনাইটেডের ছন্দ পতন ঘটে। প্যাট্রিক এভরা বলেন, ‘আমি শুনেছি কয়েকজন মানুষ আমাদের সম্পর্কে বলেছে যে, আমরা ১৫ পয়েন্ট লিড নেয়ার দাবিদার নই। কিন্তু আমরা এখানে এসেছি কঠিন পরিশ্রম করে। আমরা শিরোপা জয়ের দাবি রাখি। আমরা এটা নিশ্চিত করব রবিবার স্টোকের বিপক্ষে জয় তুলে নিয়ে এবং প্রমাণ করতে চাই আমরা ইংল্যান্ডের সেরা দল।’ চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড আগামীকাল রবিবার এফএ কাপের সেমিফাইনালে লড়বে। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের সূচি নেই তাদের। প্রিমিয়ার লিগের আর সাত ম্যাচ বাকি রয়েছে। ৩১ ম্যাচ শেষে ইউনাইটেড ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৫৮। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে চারে রয়েছে টটেনহ্যাম। দুই পয়েন্ট পেছনে পঞ্চমস্থানে থাকা আর্সেনালের অবস্থান। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে আর্সেন ওয়েঙ্গার বাহিনীকে সেরা চারে থাকতে হবে। আজ জয় পেলে আর্সেনাল চারে উঠে আসবে। ৪৯ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে সাত নম্বরে। নিজেদের অবস্থানের আরো উন্নতি করতে চাইবে অল রেডরা।