তবুও সতর্ক ফার্গুসন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২১:২১
ম্যানচেস্টার সিটি থেকে তারা এগিয়ে আছে ১২ পয়েন্টে। এই অবস্থাতেও কোন ঝুঁকি নিতে চান না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তাই পয়েন্ট তালিকার তলানীতে ধুঁকতে থাকা স্টোক সিটির বিপক্ষেও বেশ সতর্ক অলরেডরা। স্টোক সিটির ব্রিটানিয়া স্টেডিয়ামে আজকের ম্যাচটি জিততে পারলে লিগের শিরোপার পথে বেশ অনেকটাই এগিয়ে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১২। অন্যদিকে ইউনাইটেডের আজকের প্রতিপক্ষ স্টোক পয়েন্ট টেবিলে অবস্থান করছে ১৫ নম্বরে। তাই কাগজে-কলমে তারা রেড ডেভিলদের থেকে অনেকটাই পিছিয়ে। উপরন্তু গত ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরে তারা লড়ছে রেলিগেশন বাঁচানোর জন্য। প্রিমিয়ার লিগের ইতিহাসে কখনোই ইউনাইটেডকে হারাতেও পারেনি স্টোক। অন্যদিকে কিছুটা চাপে আছে ফার্গুসনের দলটিও। গত সোমবার সিটির বিপক্ষে ডার্বি পরাজয়ের স্মৃতি এখনো জ্বলজ্বলে। আর লিগের শেষদিকে এসে ছোট দুয়েকটা ভুলেই যে পা হড়কাতে পারে সেটা স্যার অ্যালেক্সের চেয়ে ভাল আর কে জানে। গত মৌসুমে প্রিমিয়ার লিগের শেষ কয়েকটি ম্যাচে পয়েন্ট হারানোর মূল্য দিতে হয়েছে তাকে। আর এ সবকিছু মিলিয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও দারুণ সতর্ক এই স্কটিশ কোচ। খেলোয়াড়দেরও পরামর্শ দিয়েছেন আত্মতুষ্টিতে না ভোগার। শিরোপার জয়ের আনন্দে ভেসে যাওয়ার সময় এখনো আসেনি জানিয়ে ফার্গি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘স্টোকের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। এই ম্যাচের ফলাফলের উপর আমাদের সামনে এগিয়ে যাওয়া নির্ভর করছে। কিন্তু আমরা আমাদের স্বাভাবিক খেলার উপরই গুরুত্ব দিতে চাই। এখনো আমাদের সামনে কঠিন ম্যাচ অপেক্ষা করছে এবং তাই পথটাও কঠিন। তার উপর ম্যাচটি তাদের মাটিতে যেখানে তারা সবসময়ই কঠিন প্রতিপক্ষ। তবে সবকিছু পিছনে ফেলে আমরা ইতিবাচক ফলাফলের জন্যই মাঠে নামব। স্টোক সবসময়ই প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, তাদের সেট-পিসও দুর্দান্ত। তারা শারীরিকভাবেও শক্তিশালী এবং তাদের থ্রো-ইনগুলো অসাধারণ। আমাদের এই পরিস্থিতিগুলো মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচ এবং প্রতিপক্ষই ভিন্ন। এখানে প্রতিটি ম্যাচে এত বৈচিত্র্য থাকে যে তা অন্য কোন লিগে নেই।’ আজ অপর ম্যাচে পয়েন্ট টেবিলে ত্রয়োদশ স্থানে থাকা নিউক্যাসল ঘরের মাঠে খেলবে অবনমনের আশঙ্কায় থাকা স্যান্ডারল্যান্ডের বিরুদ্ধে।