আসন্ন ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে চতুর্থ আন্তর্জাতিক ‘আইকন খেলোয়াড়’ হিসেবে নিজের নাম লেখালেন পাকিস্তান টি-২০ দলের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। আইকন অথবা ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় হিসেবে এ টুর্নামেন্টে নাম লেখানো অপর তিনজন হলেন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট ও রস টেইলর। হাফিজ বলেন, ‘২০১০ সালের টি-২০ বিশ্বকাপের মাধ্যমে আমি ক্যারিবীয় অঞ্চলে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা অর্জন করেছি এবং আবারও সেখানে খেলার জন্য আমি মুখিয়ে আছি। ওয়েস্ট ইন্ডিজের জনগণ তাদের ক্রিকেটকে প্রচণ্ডভাবে ভালবাসে ও সমর্থন করে এবং আমি নিশ্চিত সমর্থকরা তাদের দলের পাশে থাকবে। সিপিএলের প্রথম মৌসুমে পাকিস্তানের সমর্থকরা ও সমগ্র বিশ্বের সমর্থকরাও আমাকে দেখবে বলে আমি আশা করছি।’ আগামী ২৯ জুন থেকে ২৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। সমগ্র ক্যারিবীয় অঞ্চল থেকে মোট ছয়টি দল খেলবে টুর্নামেন্টে।
