চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার দৌড় থেকে বেশ আগেই বাদ পড়ে গেছে দল দুটি। ইংলিশ প্রিমিয়ার লিগেও খুব বেশি স্বস্তিতে নেই। বড় কোন অঘটন না ঘটলে শিরোপা পেতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবুও ইংলিশ ফুটবলের গত কয়েক বছরের ঘটনাবলী প্রমাণ করে দেশটির ক্লাব ফুটবলে বেশ বড় দুই নাম ম্যানচেস্টার সিটি ও চেলসি। আজ এফএ কাপের সেমিফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে এই দল দুটি।
একদিকে গতবারের লিগ শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটি, অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসি। সব মিলিয়ে ফুটবলীয় উত্তেজনার ভরপুর এক ম্যাচ। আর এই ম্যাচে ফিরছেন চেলসির স্ট্রাইকার ডেম্বা বা এবং ডিফেন্ডার রায়ান বারট্রান্ড, এমনটা জানালেন অন্তর্বর্তীকালীন ম্যানেজার রাফায়েল বেনিতেজ।
সেনেগালের আন্তর্জাতিক খেলোয়াড় ডেম্বা বা বৃহস্পতিবার গোড়ালির ইনজুরিতে ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালে রুবিন কাজানের বিপক্ষে খেলতে পারেননি। গত সপ্তাহে তিনি প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন। ম্যাচটিতে চেলসি ২-১ গোলে জয় তুলে নিয়েছিল।
ইংল্যান্ডের ফুলব্যাক বারট্রান্ড ও অ্যাসলে কোল দু’জনই রাশিয়া সফর করতে পারেনি ইনজুরিগ্রস্ত থাকায়। বেনিতেজ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বা এবং বারট্রান্ড গত শুক্রবার হালকা অনুশীলনে যোগ দিয়েছিল। আর তাই বেনিতেজ আশা করছেন সিটির ম্যাচে দুই খেলোয়াড়কেই তিনি দলে পাবেন।
কিন্তু কোল এবং সেন্টার ব্যাক গ্যারি কাহিল আবারো দল থেকে ছিটকে পড়ল দীর্ঘমেয়াদী ইনজুরি সমস্যা থাকায়। প্রিমিয়ার লিগে দ্বিতীয়স্থানে থাকা সিটি গত ফেব্রুয়ারিতে চেলসির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছিল। বেনিতেজ জানান ইত্তিহাদ স্টেডিয়ামে সেই হার থেকে তিনি মূল্যবান কিছু শিক্ষা নিয়েছেন। বেনিতেজ বলেন, ‘আমরা যখন তাদের বিপক্ষে খেলেছিলাম কি ভুল করেছি তা আমরা জানি। আমরা চেষ্টা করব রবিবারে সব কিছুই ভাল যাবে। সিটি পয়েন্ট টেবিলে ভাল অবস্থানে রয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অন্যদিন ভাল করেছে।’ গত সোমবার প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছিল সিটি। বেনিতেজ আরো যোগ করেন, ‘আমরা জানি এটা কঠিন হতে পারে কারণ বড় প্রতিযোগিতার সেমিফাইনাল এটি।’ মস্কোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসি দলে বেশ পরিবর্তন এনেছিল। ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রুবিন কাজানের বিপক্ষে ৩-২ গোলে ম্যাচটি হেরে যায় চেলসি। তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি সেমিফাইনালে উঠেছে এবং প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলকে।
ম্যানচেস্টার সিটির প্লে মেকার ডেভিড সিলভা ফিটনেস পরীক্ষায় পাস করতে পারলে খেলতে পারেন আজ। তবে সিটির ম্যানেজার রর্বাতো মানচিনি কোন ঝুঁকি নিতে চান না। আজ সকালে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সিলভার ব্যাপারে জানান ইতালিয়ান এই ম্যানেজার। বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচ খেলেছে চেলসি। চেলসি শিবিরে ক্লান্তি ভর করতে পারে এমনটা মানছেন না মানচিনি। মানচিনি বলেন, ‘ইউরোপা লিগ ম্যাচে তারা প্রায় তিন থেকে চারজনকে শুরুর একাদশে রেখেছিল। পাঁচ থেকে ছয়জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল তারা। তাই তারা ক্লান্ত হতে পারে না।’ ২০১১ সালে সিটি এফএ কাপ শিরোপা জয় করেছিল মানচিনির অধীনে।
