আইপিএল’র জনপ্রিয়তা কমেছে

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২১:২৯
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা ২০১২ সালের তুলনায় এ বছর কিছুটা হলেও হ্রাস পেয়েছে। ভারতের শীর্ষস্থানীয় টেলিভিশন রেটিং গবেষণা সংস্থা ট্যাম মিডিয়া রিসার্চের সামপ্রতিক গবেষণায় এমনটাই জানা গেছে। এদিকে দিনের প্রথম ম্যাচে গতকাল শনিবার মুম্বাই ইন্ডিয়ান্স ৪১ রানে পুনে ওয়ারিয়র্সকে হারায়। টিভিতে প্রচারিত কোন অনুষ্ঠানের জনপ্রিয়তা নির্ণয়ের উপায় হচ্ছে টেলিভিশন ভিউয়ার রেটিংস (টিভিআর) পরিমাপ করা। ট্যাম তাদের গবেষণায় খুঁজে পেয়েছে, আইপিএল’র গত আসরের প্রথম সপ্তাহে এই রেটিং যেখানে ছিল ৩.৯; এ বছর সেটি কমে দাঁড়িয়েছে ৩.৮। এবার অবশ্য প্রথম সপ্তাহে একটি ম্যাচ কম হয়েছে। তবে টুর্নামেন্টের পরিবেশনা স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মাল্টি স্ক্রিন মিডিয়া একমত নয় ট্যামের সঙ্গে। তাদের দাবি, পুরো ভারত জুড়ে কেবল টিভি নেটওয়ার্ককে আধুনিকায়নের যে প্রক্রিয়া চলছে, সে কারণেই কমে গেছে আইপিএল’র রেটিং। প্রকৃতপক্ষে টুর্নামেন্টটির জনপ্রিয়তা কমেনি। আইপিএল’র সমপ্রচারকারী টিভি চ্যানেল ম্যাক্সের কার্যনির্বাহী সহ-সভাপতি এবং ব্যবসায়িক প্রধান নিরাজ ভিয়াস বলেন, ‘এখন একটি ঝামেলা এবং অনিশ্চয়তাপূর্ণ সময় চলছে। এর মধ্যেই আমরা সমপ্রচার শুরু করেছি।’ আইপিএল’র জনপ্রিয়তা কমেনি; এর সপক্ষে নিজের যুক্তি তুলে ধরে ভিয়াস আরো বলেন, ‘যে শহরগুলোতে এক মিলিয়নের বেশি লোক বাস করে, সেগুলোকে হিসাবে ধরলে আপনি দেখতে পাবেন আইপিএল’র রেটিং এ বছর ৪.৫ ছুঁয়েছে। যা কিনা গত বছরের চেয়েও বেশি।’ তবে জনপ্রিয়তা বাড়ুক বা কমুক যাই হোক না কেন, অন্য যেকোন অনুষ্ঠানের তুলনায় আইপিএল’র জনপ্রিয়তা এখনো যথেষ্টই বেশি। কারণ সাধারণত ৪ রেটিংধারী টিভি অনুষ্ঠানগুলোকে বাণিজ্যিকভাবে সফল হিসাবেই ধরা হয়। এদিকে কাল দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার (৬২*) অপরাজিত হাফ সেঞ্চুরি, শচিন টেন্ডুলকারের ৪৪ এবং দিনেশ কার্তিকের ৪১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। জবাবে পুনে ওয়ারিওর্স আট উইকেটে ১৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। পুনের সর্বোচ্চ রান সংগ্রাহক মিশেল মার্শ (৩৮)। মুম্বাইয়ের বাঁ-হাতি পেসার মিশেল জনসন (৩/৩৩) পুনেকে সুবিধা করতে দেননি। পুনের দুই ওপেনারকে তিনি দ্রুতই সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন।