মির্জাপুরে চার মাসেও দুই সন্তানসহ নিখোঁঁজ প্রবাসীর স্ত্রী উদ্ধার হয়নি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:২০
প্রায় চার মাসেও নিখোঁজ প্রবাসির স্ত্রী পারুল আক্তার (২৪) এবং তার দুই সন্তান ৯ বছরের মেয়ে তানিন এবং ৭ বছরের পুত্র তুহিনকে পুলিশ উদ্ধার করতে পারেনি। তাদের উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে অসহায় পরিবারটি। গুম না অপহরণ এ নিয়ে পুলিশও পড়েছে বিপাকে। মা ও সঙ্গে দুই সন্তান নিখোঁজের ঘটনাটি এখন পুরো এলাকায় আতংকের সৃষ্টি করেছে । তাদের কি হত্যা করা হয়েছে না পাচার করা হয়েছে এ রহস্যও পুলিশ উদঘাটন করতে পারেনি। এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নব গঠিত লতিফপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। গতকাল শনিবার নিখোঁজ গৃহবধূ পারুলের পিতা গোলাম মোস্তফা এবং প্রবাসী স্বামী তমছের আলী লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের কার্যালয়ে এসে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন । স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় তমছের আলী । জানা গেছে পারুলের গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার লতিফপুর গ্রামে । প্রায় ১১ বছর পূর্বে একই উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে তমছের আলীর সঙ্গে পারুলের বিয়ে হয়। দুটি পরিবারই সচ্ছল। এর পরও পারুলের স্বামী দুবাইতে চাকরি করে আসছে। বিয়ের পর পরই তাদের সংসারে এক কন্যা ও এক পুত্র হয়। গত ডিসেম্বরে পারুল আক্তার স্বামীর বাড়ি তরফপুর থেকে বাপের বাড়ি লতিফপুরে আসেন সন্তানদের নিয়ে বেড়াতে। ]বাপের বাড়ি বেড়ানো শেষ করে স্বামীর বাড়ি তরফপুর যাবেন বলে পারুল আক্তার দুই সন্তান নিয়ে চলে যান জানুয়ারি মাসে। এরপর আর বাড়ি ফেরেননি। এ ব্যাপারে মির্জাপুরের ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম জানান, তাদের উদ্ধারের জন্য পুলিশের সর্বাত্মক চেষ্টা চলছে।