উদ্দীপনা সংবাদ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ১৯:০২
চারু ও কারুকলায় বাংলাদেশের চারজন আদিবাসী চিত্র শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী হবে দক্ষিণ কোরিয়ার জিস্পোসিটিতে। প্রদর্শনী শুরু হবে আগামী ১৪ এপ্রিল থেকে এবং চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। দক্ষিণ কোরিয়ার লোটাস ওয়াল্ড নামে একটি সংস্থার আমন্ত্রণে এই চিত্রপ্রদর্শনীটি হচ্ছে। প্রদর্শনীতে সার্বিক সহযোগিতা দিচ্ছে জেপিএনকে নামে একটি সংগঠন ও কোরিয়ায় বসবাসকারী বাংলাদেশী আদিবাসী প্রবাসীরা । প্রদর্শনীতে পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের সংস্কৃতি এবং জীবন ধারার ওপর অংকিত ধনমনি চাকমার ২০টি, কেয়া চাকমার ২টি, রনেল চাকমার ৬টি এবং তিতাস চাকমার ১২টি চিত্রসহ সর্বমোট ৪০টি চিত্রকর্ম স্থান পাবে। দক্ষিণ কোরিয়ায় প্রদর্শনীতে বাংলাদেশী শিল্পীদের প্রতিনিধিত্বদানকারী আদিবাসী স্কুল এণ্ড কলেজের চিত্রশিল্পী ধনমনি চাকমা জানান, চিত্রকর্মের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমিকে তুলে ধরার চেষ্টা করেছি। প্রদর্শনীতে আমরা শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য, জীবনযাপনকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছি। যা থেকে প্রবাসীরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জানার সুযোগ পাবে।