সোমালিয়ায় আদালত ভবনে হামলায় ১৯জন নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২০:৩৪
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর প্রধান আদালত ভবনে অস্ত্রধারীদের বন্দুক ও বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের হামলা এবং এর পরপরই আল শাবাব জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে এ হতাহতের ঘটনা ঘটেছে। আদালত ভবনে বন্দুকধারীরা হামলা চালালে আদালতের বাইরে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ভবনের ভেতরে থাকা যোদ্ধাদের লড়াই হয়। পরে আফ্রিকান ইউনিয়ন এবং তুর্কি রেডক্রিসেন্টের বিমানবন্দরগামী একটি গাড়িবহরের কাছে বোমা বিস্ফোরণ ঘটে। আল শাবাব বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে। আদালত সংলগ্ন মেয়রের কার্যালয়ের এক কর্মী বলেন, “আদালতের প্রবেশপথে একটি গাড়িবোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অস্ত্রসজ্জিত প্রায় ৭ জন সরকারি পোশাকে আদালতে প্রবেশ করে।” “সশস্ত্র ওই ব্যক্তিরা আদালতে ঢোকার সময় আমরা বিস্ফোরণের শব্দ পাই। এর পরই তারা গুলি করতে শুরু করে। আমরা হতাহতের সংখ্যা জানি না।” রয়টার্সের সাংবাদিকরা ভবনটিতে ১৬ জনের মৃতদেহ দেখতে পাওয়ার কথা জানান। কিন্তু এদের কয়জন সরকারি কর্মচারি, হামলাকারী এবং সাধারণ নাগরিক তা জানাতে পারেননি তারা। সোমালি সরকার বলেছে, ৯ বন্দুকধারী হামলায় জড়িত ছিল। তারা সবাই নিহত হয়েছে। তাদের মধ্যে ছয়জন আত্মঘাতী বেল্ট পরে ছিল। ওদিকে, আল শাবাব তাদের ৬ যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে।