গফরগাঁওয়ে চালকের গলা কেটে মাইক্রোবাস ছিনতাই

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৩০
মাইক্রোবাস ছিনতাই করতে ময়মনসিংহের ত্রিশালে চালকের গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। ত্রিশাল উপজেলার বড়গাঁও গ্রামের বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পূর্ব পাশ থেকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করলেও ছিনতাইকৃত মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রো-ট-১৫-১৭৫৬) উদ্ধার করতে পারেনি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত মাইক্রোবাস চালকের নাম মো. বাদল মিয়া (৩৫), বাড়ি গফরগাঁও উপজেলার পাগলা থানার পাগলা গ্রামে। তিনি গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিনের ছোট ভাই। গত বৃহস্পতিবার রাতে গফরগাঁও উপজেলার মলমল গ্রামের প্রবাসী এক যাত্রীকে হযরত শাহজালাল এয়ারপোর্ট থেকে আনার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরে না আসলে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ করে। শনিবার সকালে ত্রিশাল উপজেলার বড়গাঁও গ্রামের লোকজন বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে তার জবাই করা লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। ত্রিশাল থানা পুলিশ বেওয়ারিশ হিসাবে লাশটি ময়মনসিংহ মেডিকেল মর্গ থেকে পোষ্টমর্টেম করিয়ে আনে। রবিবার সকালে বাদল মিয়ার পরিবারের লোকজন ত্রিশাল থানায় গিয়ে লাশটি শনাক্ত করে। এ ব্যাপারে গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, ছিনতাইকৃত মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় পাগলা থানায় হত্যা মামলা করা হবে।