জয়ে ফিরল কলকাতা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৪৪
টানা দুই ম্যাচ হেরে একটু পিছিয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। অবশেষে ব্যাট হাতে এউইন মরগান এবং বল হাতে জ্যাক ক্যালিসের দুর্দান্ত পারফরম্যান্সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বড় জয় পেল কলকাতা। গত রবিবার হায়দ্রাবাদের বিপক্ষে ৪৮ রানের জয় পায় গৌতম গম্ভীরের দল। গম্ভীর অবশ্য সরাসরি এই ম্যাচের ‘নায়ক’ হিসেবে ঘোষণা করে দিলেন এবারের আসরের শুরু থেকেই দারুণ ফর্মে থাকা মরগানকেই। রবিবারের অন্য ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ছয় উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএল’র গত আসরে একদমই নিয়মিত ছিলেন না মরগান। চতুর্থ বিদেশি খেয়োয়াড় হিসেবে সাকিব আল হাসান এবং রায়ান টেন ডোশেটের সাথে জায়গা ভাগাভাগি করতে হয়েছে তাকে। তবে এবছর সাকিব না থাকায় নিয়মিতই প্রথম একাদশে খেলার সুযোগ পাচ্ছেন। ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত প্রতিভাধর হিসেবে বিবেচিত হওয়া এই বাঁহাতি সুযোগটাকে কাজেও লাগাচ্ছেন ভালভাবেই। আর তাই গত রবিবারের ম্যাচে ফর্মহীনতায় ভুগতে থাকা ইউসুফ পাঠানের বদলে তাকে নামানো হয় চার নম্বরে। গম্ভীর এবং ক্যালিসের ব্যাটে বড় সংগ্রহের দারুণ একটা ভিত্তি পাওয়ার পরে মরগান খেললেন তার মতোই। ফলে ক্যালিসের সঙ্গে তার ৩০ বলের জুটিতে রান ওঠে ৬৭; যাতে তার অবদানই ৪৭! ২১ বলের এই ইনিংসে পাঁচটি চারের পাশাপাশি তিনটি ছক্কাও মারেন তিনি। ম্যাচ শেষে গম্ভীরের মুখে ছিল মরগান স্তুতি, ‘আমরা সবসময়ই বিশ্বাস করে এসেছি সে দারুণ একজন খেলোয়াড়। আমরা তাকে মিডল অর্ডারে আরেকটু বেশি সুযোগ দেয়ার কথা ভাবছিলাম। তাই তাকে কিছুটা উপরে পাঠানো হয় এবং সে দারুণভাবে এর প্রতিদান দিয়েছে। জ্যাকুয়েস (ক্যালিস) ক্রিজে দারুণ স্থির ছিল। আমিও সেটাই চাইছিলাম এবং ডানহাতি-বামহাতি সমন্বয়ের কথা ভাবছিলাম। সেটা আমরা করতে পেরেছি এবং ফলাফলটাও হয়েছে দারুণ।’ বড় রানের তাড়ায় নেমে শুরুটা ভাল হলেও ক্যালিসের দারুণ একটি স্পেলেই মূলত শেষ হয়ে যায় হায়দ্রাবাদের জয়ের স্বপ্ন। কোন উইকেট না হারিয়ে পঞ্চাশ পেরোনো দলটি দুই ওপেনারের ব্যাটে চড়ে ভালোভাবেই এগোচ্ছিল। তবে নিজের প্রথম দুই ওভারে ক্যালিস তাদের দুজনকে নিলে শেষ পর্যন্ত ১৩২ রানের বেশি যাওয়া হয়নি সফরকারীদের। ফলে ৪৮ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে গম্ভীরের দল। ক্যালিস তার চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিনটি উইকেট পান। দিনের অন্য ম্যাচে ঘরের মাঠ সাওয়াই মানসিং স্টেডিয়ামে স্বাগতিক বোলারদের দুর্দান্ত বোলিংয়ে উনিশ ওভারে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় অ্যাডাম গিলক্রিস্টের পাঞ্জাব বাহিনী। জবাবে শেন ওয়াটসন এবং আজিঙ্কা রাহানের মাঝারি দুটি ইনিংসে চার উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাহুল দ্রাবিরের দল। এর আগে গত শনিবারের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংস দারুণ নাটকীয় এক ম্যাচে চার উইকেটে পরাজিত করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুকে।