শিরোপার আরো কাছে ইউনাইটেড

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৪৫
ম্যানচেস্টার ইউনাইটেড গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে স্বাগতিক স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে শিরোপার আরো কাছে চলে গিয়েছে। এই জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন এবং দ্বিতীয়স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি থেকে ১৫ পয়েন্টে এগিয়ে গেল ইউনাইটেড। একদিকে ইউনাইটেড যখন শিরোপার দিকে ছুটে চলেছে; অন্যদিকে অবনমন হুমকির মুখে স্টোকসিটি। স্টোক অবনমন অঞ্চল থেকে মাত্র তিন পয়েন্ট উপরে অবস্থান করছে। মাইকেল ক্যারিক ম্যাচের মাত্র চার মিনিটেই ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন। রবিন ফন পার্সি ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল এনে দিয়ে। এই দুই গোলে অনায়াস জয় নিশ্চিত করে ফার্গুসনের দল। এদিকে গত শনিবার আর্সেনাল স্বাগতিক নরউইচ সিটিকে ৩-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে উঠে আসে। আজ মঙ্গলবার গানারদের প্রতিপক্ষ এভারটন। লিভারপুর শনিবার স্বাগতিক রিডিংয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে। এখন শেষ চারে খেলার সম্ভাবনা ক্ষীণ অল রেডদের। ইউনাইটেড ৩২ খেলা শেষে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে। সিটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে চেলসি।