ইন্টারমিলান আবারো পেনাল্টি থেকে গোল হজম করল এবং পরাজয়ের বৃত্ত থেকেও মুক্তি মেলেনি তাদের। ইতালিয়ান লিগ, সিরি-এতে গত রবিবার ইন্টার স্বাগতিক ক্যাগলিয়ারির বিপক্ষে ২-০ গোলে হেরে যায়। আগের ম্যাচে সফরকারী আটলান্টার কাছে তারা হেরেছিল ৪-৩ গোলে। সে ম্যাচটিতে একটি গোল পেনাল্টি থেকে করেছিল আটলান্টা। টানা দুই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টারমিলানকে। অন্যদিকে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান সান সিরোতে নাপোলির সাথে ১-১ গোলে ড্র করেছে।
ইন্টারমিলান ৩২ খেলা শেষে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে। সামনের মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে কিনা তা এখন সংশয়ে। চলতি মৌসুমেও তারা খেলতে পারেনি। মিলান তৃতীয় স্থানে অবস্থান করছে ৫৯ পয়েন্ট নিয়ে। ৬৩ পয়েন্ট নিয়ে নাপোলি রয়েছে দ্বিতীয় স্থানে। এদিকে এএস রোমা ২-১ গোলে তোরিনোকে হারিয়েছে। এ জয়ে রোমার শেষ চারে যাওয়ার সূক্ষ্ম সম্ভাবনা উঁকি দিচ্ছে। চার নম্বরে অবস্থান করা ফিওরেন্টিনার পয়েন্ট ৫৫। ৩১ খেলা শেষে ল্যািসও ৫১ পয়েন্ট অর্জন করতে পেরেছে এখন পর্যন্ত এবং অবস্থান রয়েছে পঞ্চম স্থানে। এক ম্যাচ বেশি খেলে ল্যািসওর সমান পয়েন্ট রোমার। পয়েন্ট টেবিলে রোমার অবস্থান ছয় নম্বরে।
