হরতালের রাজনীতি বন্ধের দাবি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:০৩
ক্ষুদ্র ব্যবসায়ীরা মনে করেন গত দুই দশকে বাংলাদেশের রাজনীতিতে হরতাল হয়ে উঠেছে সবচেয়ে মোক্ষম মাধ্যম। জনগণের অন্ন-বস্ত্রের খবর নেই। দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য হরতালকে প্রধান হাতিয়ার ধরে নিচ্ছে। জনমনে ভয়-ভীতি প্রদর্শন করে হরতালের আগের দিন থেকে সহিংস কার্যকলাপ শুরু করে বাধ্য করছে হরতাল পালনে। এভাবে অর্থনীতি বিরোধী আন্দোলন চলতে পারে না। গতকাল শাহবাগস্থ আজিজ সুপারমাকের্েটর ক্ষুদ্র ব্যবসায়ীরা এক কাফন সমাবেশের মাধ্যমে হরতালের রাজনীতি বন্ধের দাবি জানান। সমাবেশে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ আর কোন দলের ডাকে হরতাল চাই না। দেশ বাঁচাও-পেট বাঁচাও আন্দোলনের আহবায়ক রবীন আহসান বলেন, একের পর এক হরতাল দিয়ে রাজনৈতিক সংগঠনগুলো গণতান্ত্রিক অধিকার হরতালকে আজ অকেজো করে ফেলেছে। তারা দেশ ও জনগণের স্বার্থে আইন করে হরতাল বন্ধ করা, আগামী নির্বাচনে সকল দলকে নির্বাচনী ইস্তেহারে হরতাল না করার অঙ্গীকার করা,হরতালের নামে ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের আয়ের পথ বন্ধ না করাসহ ৬টি দাবি জানান। সমাবেশে হরতাল বন্ধের জন্য আগামী ৩ মে প্রতীকী অনশনের ঘোষণা দেয়া হয়।