দুইজনের কারাদণ্ড কারখানা সিলগালা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:০৫
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ও নিম্নমানের উপকরণ ব্যবহার করায় রাজধানীর হাজারীবাগে সোনিয়া লজেন্স ফ্যাক্টরি সিলগালা ও ২ জনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল জেলা প্রশাসন, বিএসটিআই এবং মহানগর পুলিশের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট কারখানা বন্ধ ও কারাদণ্ড প্রদান করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট ২৮ ও ৩৫ নং হাজারীবাগ পার্ক সংলগ্ন সোনিয়া লজেন্স ফ্যাক্টরিতে অভিযান চালায়। প্রথম প্রতিষ্ঠানটি সকল ব্রান্ডের বিএসটিআই-এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে খাদ্য ব্যবহার নিষিদ্ধ মোম, নিম্নমানের রং, ট্যালকম পাউডার ও ঘন চিনি ব্যবহার করে খোলা নোংরা পরিবেশে প্রতিষ্ঠিত ব্যান্ড একলেয়ারসহ প্রায় ১৫ ব্রান্ডের লজেন্স উত্পাদন করায় ম্যানেজার মো. স্বপন এবং কারিগর মো. শাহজালালকে ১ বছর কারাদণ্ড দেয়া হয়। ‘প্রায় ১ বছর পূর্বে এই প্রতিষ্ঠানকে একই অপরাধে সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। প্রতিষ্ঠানটি জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করলেও পরবর্তীতে অবৈধভাবে সিলগালা ভেঙ্গে পুনরায় উত্পাদন শুরু করে। এই গুরুতর অপরাধের জন্য প্রতিষ্ঠানের কারখানা এবং গোডাউন উভয় সিলগালা করে, মালিক মো. আবুল কালামের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ প্রদান করেন। এছাড়া প্রতিষ্ঠানে নিষিদ্ধ মোম, নিম্নমানের রং, ট্যালকম পাউডার ও ঘন চিনি দিয়ে প্রস্তুতকৃত প্রায় ৫শ’ কেজি সংরক্ষিত লজেন্স আদালতের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এ অভিযান জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই-এর পরিদর্শক জাহিদুর রহমান এবং মহানগর পুলিশের সমন্বয়ে পরিচালনা করা হয়।