এই আনন্দ চেপে রাখা কঠিন; যে মেয়েটি জাতীয় অ্যাথলেটিকসেই পদক পাওয়ার আশা করেনি সেই মেয়েটি বাংলাদেশ গেমসে অ্যাথলেটিকসের মতো বড় আসরে এসে স্বর্ণ জয় করে আবেগ-আপ্লুত হয়ে পড়বেন সেইটাই স্বাভাবিক। বিজেএমসির এই ক্রীড়াবিদ যশোরের মেয়ে, নাম তার রত্না ইসলাম। অভয়নগর পিএম আইডিয়াল কলেজের ছাত্রী রত্না ইসলাম। গতকাল বাংলাদেশ গেমস অ্যাথলেটিকসের প্রথমদিনে সকাল বেলা হাইজ্যাম্পে স্বর্ণ জয় করে সবাইকে তাক লাগিয়েছেন বিজেএমসির এই ক্রীড়াবিদ। অথচ তিনি নাকি স্বর্ণ পদক জয়ের চিন্তাই করেননি। বড় অ্যাথলেটদের মধ্যে তার পক্ষে পেরে উঠা সম্ভব ছিল না। ভালো অনুশীলন অসম্ভবকে সম্ভব করেছে বলে মনে করেন এই হাইজ্যাম্পার। ২০০১ সালে জাতীয় অ্যাথলেটিকসে এসেছিলেন তিনি। কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যান। এসএসসি পরীক্ষার কারণে গত জাতীয় আসরে তার খেলা হয়নি। এবার প্রস্তুতি নিয়ে এসেই চমক দিলেন রত্না ইসলাম। সাংবাদিকদের বলেন, ‘আমিও ভাবিনি স্বর্ণ জয় করবো। পদক জয় করে ভালো লাগছে।’
