বার্সার বিপক্ষে সতর্ক বায়ার্ন

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:০০
স্বাগতিক বায়ার্ন মিউনিখ ও অতিথি বার্সেলোনা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেষ্টায় আজ মঙ্গলবার অ্যালিয়েঞ্জ এরিনায় এবারের সেমিফাইনালে প্রথম লেগের লড়াইয়ে নামবে। জার্মান দলটি ইতোমধ্যেই বুন্দেশলিগার শিরোপা পুনরুদ্ধার করে নির্ভার অবস্থায় আছে। স্প্যানিশ দলটি এখনো শিরোপা পুনরুদ্ধারে সক্ষম না হলেও এ ব্যাপারে নিশ্চিতপ্রায় অবস্থায় আছে। উভয় দলই গত চার বছরে ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগে দু’বার করে ফাইনালে উঠেছিল। এর মধ্যে কাতালান দলটি দুই দফাতে শিরোপা নিয়ে বাড়ি ফেরে। কিন্তু উভয় দফাতেই পরাস্ত হয়েছিল ব্যাভারিয়ানরা। এ কারণেই আরেকটি শিরোপা সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে বার্সেলোনাকে রুখে দিতে মরিয়া বায়ার্ন। যদিও এ খেলাটির জন্য বার্সেলোনার ২১ সদস্যের দলে রাখা হয়েছে সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে সমর্থকদের মধ্যে শংকা জাগানো লিওনেল মেসিকে। সর্বশেষ জানা গেছে তিনি খেলার মতো উপযুক্ত অবস্থায় আছেন। বার্সেলোনা লা লিগায় বর্তমানে ১৩ পয়েন্টে এগিয়ে আছে। কিন্তু সাম্প্রতিক ফর্মের বিচারে দুর্দান্ত অবস্থানে থাকা এবং দুই সপ্তাহ আগে নিজেদের লিগ জিতে নেয়া বায়ার্নের সামনে তুলনামূলক বিচারে ‘আন্ডারডগ’। বিশেষ করে গেল দুটি ম্যাচে বায়ার্ন যেভাবে বিপক্ষকে ৬-১ গোলের ব্যবধানে হারিয়েছে। তাও আবার শীর্ষ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েই ম্যাচ দুটি জিতেছে তারা। বায়ার্নের ফর্মের ব্যাপারটা বোঝা যায় তাদের কোচ জাপ হেইনকসের কথায়। হ্যানোভারের বিরুদ্ধে ৬-১ গোলের জয়ের পর তিনি বলেন,‘খেলোয়াড়রা স্রেফ তাদের ফুটবল খেলাটা উপভোগ করছে এবং আমাদের মনোভাব চমত্কার। প্রতিটি খেলোয়াড়ই উদ্বুদ্ধ, আমরা সম্মিলিতভাবে খুবই দারুণ কিছু আক্রমণ শানাই, আমরা দেখিয়েছি চমত্কার শৃংখলা এবং এর সুবাদে পেয়েছি দুর্দান্ত সব গোল। আরো একবার খেলোয়াড়রা দেখিয়েছে যে আমাদের কোন দ্বিতীয় সারির দল নেই।’ জার্মান দলটির বিশ্বাস তাদের খেলার কৌশল এবং খেলোয়াড়দের প্রাধান্য দেয়ার নীতির কারণে স্থানীয়ভাবে মনে করা হয় বায়ার্নও বার্সেলোনার মতোই। এ কারণেই বার্সেলোনাকে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক সাফল্য এনে দেয়া কোচ পেপ গার্ডিওলার দলটির দায়িত্ব নিতে যাওয়াটাই স্বাভাবিক। গার্ডিওলা গেল মৌসুমে নাউ ক্যাম্প ছেড়ে যান। আসছে মৌসুমে অ্যালিয়েঞ্জ এরিনায় ক্যারিয়ার শুরু করবেন তিনি। ব্যাভারিয়ানদের বর্তমান দলটির গড়ে তোলার অন্যতম কারিগর ডাচ লুই ভন গল। দুই বছর আগে বরখাস্ত হওয়া এই কোচের অধীনেই বায়ার্ন বিপক্ষকে তাদের অর্ধেই চাপে রেখে আক্রমণাত্মক ও বল দখলে রাখার খেলা শুরু করে। এই কৌশলের সুবাদেই দলটি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তিনিই বায়ার্নের সেন্টার ফরোয়ার্ডের পেছনে আর্জেন রোবেন ও ফ্রাংক রিবেরির ভয়ংকর পার্টনারশিপটি গড়ে তোলেন। ভন গল ২০০০ সালে একই রকম অসুখী পরিস্থিতিতেই বার্সেলোনা ছেড়ে এসেছিলেন। কাতালান দলটির বর্তমান অপ্রতিরোধ্য অবস্থানে পৌঁছার শুরুর দিকটায় সলতে পাকিয়ে দিয়েছিলেন তিনি। তার সময়েই চার বছরের শিরোপা খরা কাটিয়ে বার্সেলোনা টানা লা লিগা শিরোপা জিতেছিল। গার্ডিওলাকে বার্সেলোনার অধিনায়ক করার সিদ্ধান্ত ছিল তার। সব মিলিয়ে একই রকম শক্তিমত্তার ও ঐতিহ্যের দুটি দলই আজ একে অপরের মুখোমুখি হচ্ছে। যদিও ইউরোপে দৌর্দণ্ড প্রতাপশালী হওয়ার পরও তারা এর আগে কেবল ছয়বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে সর্বশেষটি আবার চার বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। তখন জুর্গেন ক্লিন্সমানের রাজত্বের শেষটার শুরু এবং প্রথম লেগের খেলায় বার্সেলোনা ৪-০ গোলে জয়ী হয়। বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে সে খেলাটির কথা স্মরণে আনতে চান না। তবে দেখিয়ে দিতে চান তার দল যে ইতোমধ্যে অনেক উন্নতি করেছে। আজকের খেলাটিতে বায়ার্ন তাদের সাসপেন্ড হওয়া স্ট্রাইকার মারিও মানজুকিচ ও আহত মিডফিল্ডার টোনি ক্রসের সেবা পাবে না। বার্সেলোনা মেসির সমস্যা কাটিয়ে উঠলেও খেলতে নামবে দুই ডিফেন্ডার হাভিয়ের ম্যাসেরানো ও কার্লোস পুয়োলকে ছাড়াই। এখন তাই দেখার থাকবে রক্ষণভাগে জেরার্ড পিকের সাথে কে জুটি বাঁধেন। উভয় দলের ফিরতি লড়াইটি হবে ১ মে।