মান বাঁচল লিভারপুলের

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:০০
অ্যানফিল্ডে চেলসির বিপক্ষে লিগ ম্যাচে শেষ মুহূর্তে লুইজ সুয়ারেজের গোলে মান বাঁচলো লিভারপুলে। উরুগুয়ের এই তারকা স্ট্রাইকারের গোলেই স্বাগতিক লিভারপুল দুইবার পিছিয়ে পড়েও ম্যাচটি রোমাঞ্চকরভাবে ২-২ গোলে ড্র করতে সক্ষম হয়েছে। যদিও ম্যাচ শেষে সমালোচনারও কেন্দ্রবিন্দুতে ছিলেন সুয়ারেজ। বিতর্কিতভাবে তিনি বল দখলের লড়াইয়ের সময় চেলসির ব্রানিসলাভ ইভানোভিচকে অবৈধভাবে দাঁত দিয়ে কামড়ে ধরেছিলেন খেলার ৭৪ মিনিটে। ইভানোভিচ আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। সুয়ারেজের হেডে অতিরিক্ত সময়ে নাটকীয়ভাবে সমতায় ফিরে আসে লিভারপুল। এর আগে ইডেন হ্যাজার্ডের ৫৭ মিনিটের পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে গিয়েছিল রাফায়েল বেনিতেজের দল চেলসি। একটি পয়েন্ট অর্জিত হয়েছে অল রেডদের। তবে সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম সফরে জয়ের আনন্দ থেকে বঞ্চিত হলেন বেনিতেজ। এর আগে অস্কার চেলসিকে ২৬ মিনিটে এগিয়ে দিয়েছিলেন দারুণ গোল উপহার দিয়ে। লিভারপুলের ড্যানিয়েল স্টুরিজ দলকে সমতায় ফিরিয়েছিলেন ৫২ মিনিটে। এই গোলটিতে সহায়তা করেছেন সুয়ারেজ। তবে পাঁচ মিনিট পরেই সুয়ারেজ নিজ বক্সের মধ্যে হ্যান্ডবল করায় পেনাল্টি পেয়ে যায় চেলসি। হ্যাজার্ড সুযোগটি কাজে লাগান ভালভাবেই। দারুণ লড়াইয়ের ম্যাচটিতে ছায়া ফেলেছে বিতর্ক। বল দখলের লড়াইয়ে নয়; সুয়ারেজ ইভানোভিচের সাথে সুবিধাজনক স্থান দখলের লড়াই নিয়ে বাধে যত গন্ডগোল। চেলসির বক্সে হাতাহাতির এক পর্যায়ে ইভানোভিচকে কামড় দেন সুয়ারেজ। পরাজয়ের পর নিজের হতাশা প্রকাশ করলেন চেলসির কোচ রাফায়েল বেনিতেজ। ড্রয়ের কারণ হিসেবে অতিরিক্ত সময়কেই দেখছেন এই স্প্যানিশ কোচ, ‘শেষ মুহূর্তের গোলটাই আমাদের হতাশার কারণ। ছয় মিনিট ৪৫ সেকেন্ডের অতিরিক্ত সময় ছিল সত্যি বিস্ময়কর। ব্যাপারটা আমাকে বেশ অবাক করেছে।’ তবে সুয়ারেজের ‘কামড়’ নিয়ে কোন কথা বলেননি এই কোচ, ‘আমি ঘটনাটা নিজের চোখে দেখিনি। তাই আমার কাছে শেষ গোলটাই বেশি হতাশার। তবে, সুয়ারেজের ব্যাপারে সবাইকেই অনেক বলতে শুনছি।’ লিভারপুলের সাথে ড্র করায় পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে ব্যর্থ হলো চেলসি। ৩৩ খেলা শেষে ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে তারা। এক ম্যাচ বেশি খেলে আর্সেনাল ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে অবস্থান করছে। চেলসির সমান ম্যাচ খেলেছে টটেনহ্যাম। ৬১ পয়েন্ট নিয়ে তারা পঞ্চমস্থানে রয়েছে। লিভারপুল সপ্তম স্থানেই রয়েছে ৫১ পয়েন্ট নিয়ে। এর আগে গত রবিবার হোয়াইট হার্ট লেনে সফরকারী ম্যানচেস্টার সিটিকে আন্দ্রে ভিলাস বোয়াসের দল টটেনহ্যাম ৩-১ গোলে হারিয়ে দেয়। এই হারে সিটির শিরোপা আশা মলিন হয়ে যায়। গতকাল সোমবার রাতেই ম্যানচেস্টার ইউনাইটেড-অ্যাস্টন ভিলার লড়াই ছিল। এই ম্যাচটি জয় পেলে এতোক্ষণে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের ঘরে তুলে নিয়েছে রেড ডেভিলরা!