দেশের প্রথম টেলিকম পোর্টালের যাত্রা শুরু

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৫৩
দেশের প্রথম কম্পিউটার ও প্রযুক্তিবিষয়ক অনলাইন পত্রিকা টেকজুম২৪ ডটকমের টেলিকম পোর্টালের যাত্রা শুরু হয়েছে। গত ২২ এপ্রিল রাজধানীর বেসিস অডিটোরিয়ামে এ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। টেলিকম পোর্টাল উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ‘টেলিকম খাতকে কেন্দ্র করে টেকজুম২৪ ডটকম যে টেলিকম পোর্টাল উন্মোচন করেছে তা আমাদের এই খাতে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে।’ মন্ত্রী তার বক্তৃতায় ইন্টারনেটের উপর যে ১৫% ভ্যাট রয়েছে, তা আগামী বাজেটে না রাখার পক্ষে তার মতামত প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন দৈনিক প্রথমআলো’র সহযোগী সম্পাদক সোহরাব হাসান ও আমান গ্রুপের চেয়ারম্যান এম আমান উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইজেএফ-এর সাবেক সভাপতি মোহাম্মাদ কাওছার উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালায়ন কমিউনিকেশন্সের প্রধান বিপনন কর্মকর্তা জি এম ফারুক খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেকজুম২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মুহাম্মদ ওয়াশিকুর রহমান।