দুই সপ্তাহের মধ্যে সেন্সর বোর্ডে যাবে ঢাকাই চলচ্চিত্র ‘পোড়ামন’। শ্যুটিং, ডাবিং, এডিটিংয়ের কাজ শেষ, এখন শুধু বাকি আবহসঙ্গীতের কাজ। এ বিষয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ করে দুই সপ্তাহের মধ্যে সেন্সর বোর্ডে যাবে পোড়ামন। তিনি বলেন, সৃষ্টিশীল এবং মানসম্পন্ন করার জন্য যা যা করা দরকার সবকিছুই আয়োজন করা হয়েছে নিষ্ঠার সঙ্গে। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সায়মন সাদিক ও মাহিয়া মাহি। আরো কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মনিরা মিঠু, আনিসুর রহমান মিলন, বিপাশা, ডন রতন, রেহানা জলি, গুলশান আরা প্রমুখ। আব্দুল্লাহ জহীর বাবুর কাহিনি নিয়ে নির্মিত এ সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা এবং শফিক তুহিন।
