মোবাইল চার্জ করবে সোলার শার্ট!

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২১:১৩
মোবাইল ফোন ছাড়া এই সময়ে আর একটি দিনও কল্পনা করা যায় না। মোবাইল ফোন যেমন জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে, তেমনি মোবাইল ফোনের চার্জিং নিয়েও চিন্তার পরিমাণটা বেড়েই চলেছে। কখন কোথায় মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাবে, সেই আশংকা যাদের কাজ করে সবসময়, তাদের জন্য এবারে তৈরি হয়েছে বিশেষ ধরনের এক সোলার শার্ট। এই শার্টের মাধ্যমেই চার্জ করা যাবে মোবাইল ফোন। কলকাতার বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির শিক্ষক শান্তিপদ গণচৌধুরী এই বিশেষ ধরনের সোলার শার্টের ডিজাইন করেছেন। তার এই শার্টের মাধ্যমে প্রায় ৪০০ ওয়াট বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব। আর এর জন্য শান্তিপদ ২.৫ থেকে ৩ ইঞ্চি আকারের সোলার সেল ব্যবহার করেছেন। শান্তিপদ’র প্রদত্ত তথ্য সঠিক হলে কেবল মোবাইল ফোনই নয়, এই সোলার শার্টের মাধ্যমে ট্যাবলেট পিসি, আইপড বা অন্যান্য বহনযোগ্য ডিভাইসও সহজেই চার্জ করা যাবে। ফটোভোল্টায়িক সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিশেষজ্ঞ শান্তিপদ গণচৌধুরী তার এই উদ্ভাবন সম্পর্কে বলেন, ‘আমরা এমন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করার জন্য কাজ করছি, যার মাধ্যমে সোলার সেলগুলোকে শার্টের তন্তুর মাঝে মাঝে স্থাপন করা যায়। এদের অবশ্য পকেটেও স্থাপন করে ডিজাইন করা যায়। এতে করে সোলার সেল থাকলেও পোশাককে বাড়তি কোনো ঝামেলা বলে মনে হবে না।’ শান্তিপদ জানিয়েছেন, তার ডিজাইন করা এই শাটে থাকছে দুইটি স্তর। এই দুইটি স্তরের একটি স্তরে থাকবে ২টি থেকে ৪টি ক্ষুদ্রাকৃতির ফ্যান। এই ফ্যানও চলবে সোলার সেল থেকে শক্তি সংগ্রহ করেই। এই ফ্যানগুলো আকৃতির দিক থেকে হবে কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহূত ফ্যানগুলো থেকেও ছোট আকারের। অভিনব এই শার্টের ধারণা সম্পর্কে ব্যাখ্যা করে শান্তিপদ এক সাক্ষাত্কারে বলেন, ‘যদি একজন লোকের উচ্চতা সাড়ে ৫ ফুট হয়, তাহলে তার উপর যে পরিমাণ সূর্যালোক আপতিত হয়, তাতে খুব সহজেই ৪০০ ওয়াট শক্তি উত্পাদন করা সম্ভব সোলার সেল ব্যবহার করে। আর এই ৪০০ ওয়াট দিয়ে মোবাইল ফোন, ট্যাবলেটসহ বেশিরভাগ ধরনের ছোট বহনযোগ্য ডিভাইস চার্জ করা সম্ভব। শান্তিপদ’র ডিজাইন করা এই শার্ট ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে ভারতে। শান্তিপদ তার এই ডিজাইনের প্রস্তাবনা ইতোমধ্যেই জমা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে। তিনি আশা করেছেন, শীঘ্রই বাণিজ্যিকভিত্তিতে এটি বাজারজাত করার উপযোগী করে তৈরি করতে পারবেন।