ঢাকা মেট্রো ও রাজশাহী সেমিতে

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২১:৩১
ঢাকা মেট্টো ও রাজশাহী বিভাগ ৮ম বাংলাদেশ গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। গতকাল মঙ্গলবার দিনের প্রথম খেলায় ঢাকা মেট্রো পাঁচ উইকেটে চট্রগ্রাম বিভাগকে এবং পরেরটিতে সিলেটকে ছয় রানে হারায় রাজশাহী। আজ বুধবার গেমস ক্রিকেটে কোন খেলা নেই। আগামীকাল প্রথম সেমিফাইনালে সকাল নয়টায় খুলনা বিভাগের মুখোমুখি হবে রাজশাহী এবং দুপুরে রংপুর বিভাগ খেলবে ঢাকা মেট্রোর বিপক্ষে। খেলা দু’টি এসএ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে কাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজশাহী। দলীয় ২৪ রানে শীর্ষ চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে তারা। ম্যাচ সেরা সাব্বির রহমানের ৪৩ বলে ৫৮ এবং জুবায়ের আহমেদের ৩৩ রানে ঘুরে দাঁড়ায় রাজশাহী। এদের কারণে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ১৪০। সিলেটের মোকাম্মেল তিনটি, আবু জায়িদ রাহী দু’টি উইকেট নেন। সিলেট জয়ের জন্য ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করলেও আট উইকেটে মাত্র ১৩৪ রানে থেমে যায়। ইজাজ আহম্মেদ সর্বোচ্চ ৪৪ রান করেন। রাজশাহীর অফ-স্পিনার সাকলাইন সজিব ২৮ রানে চারটি, মুক্তার আলী ১৬ রানে দু’টি উইকেট নেন। এর আগে চট্টগ্রামের দুই ওপেনার নাজিমুদ্দিন ও মাহবুবুল করিম দুর্দান্ত শুরু করলেও তা অব্যাহত রাখতে পারেননি। কেননা ২৩ বলে ৪৫ রান করে ফিরে যান মাহবুবুল। ১০ ওভারে এক উইকেটে ৭১ রান করার পর বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ থাকে। বৃষ্টি থামার পর পুনরায় খেলা শুরু হলে দ্রুত দু’টি উইকেটের পতন ঘটে। দলীয় ১৩৫ রানে ব্যক্তিগত ৫০ রানে নাজিমুদ্দিনকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন স্পিনার আলাফাত সানি। তার বোলিংয়ের মুখে মাত্র তিন রানের ব্যবধানে ফিরে যান ফয়সাল হোসেন ডিকেন্স (৩০) ও রাসেল আল মামুন। ম্যাচ সেরা আরাফাত সানির বিধ্বংসী বোলিংয়ে চট্টগ্রামের ইনিংস শেষ হয় নয় উইকেটে ১৬৫ রানে। সানি ৪২ রানে নেন পাঁচ উইকেট। ঢাকা মেট্রোর আসিফ আহম্মেদ রাতুল ও অধিনায়ক মার্শাল আইয়ুব দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে এনে দেন ৫৪ বলে ৬৭ রান। আসিফ ৩৮ রানে এবং ৪২ রান করে আউট হন মার্শাল। এর পরের গল্প শুধুই মেহরাব জুনিয়রের। মাত্র ২৫ বলে তিনটি চার ও চারটি বিশাল ছক্কায় ৪৮ রানের হার না মানা ইনিংসে চার বল বাকি থাকতে জয় পায় ঢাকা মেট্রো। সংক্ষিপ্ত স্কোর চট্রগ্রামঃ ২০ ওভারে - ১৬৫/৯, (নাজিমুদ্দিন ৫০, মাহবুবুল ৪৫, সানি ৫/৪২, বিশ্বনাথ ৩/১৫ । ঢাকা মেট্রোঃ ১৯.২ ওভারে - ১৬৬/৫, (মেহরাব ৪৮*, মার্শাল ৪২, মনোয়ার ২/২৮)। ফল: ঢাকা মেট্রো ৫ উইকেটে জয়ী। রাজশাহী ঃ ২০ ওভারে - ১৪০/৬ (সাব্বির ৫৮, জুবায়ের ৩৩, মোকাম্মেল ৩/২৯, জায়ীদ ২/২৪)। সিলেট ঃ ২০ ওভারে ১৩৪/৮ (ইজাজ ৪৪, সাকলাইন ৪/২৮, মুক্তার ২/১৬)। ফল: রাজশাহী ৬ রানে জয়ী।