বরুশিয়ার মাঠে হারের দুঃখ ভুলতে চায় আজ রিয়াল

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২১:৪৩
রিয়াল মাদ্রিদ আজ বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে যখন বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলতে নামবে সেসময় দলটি শুধু ফাইনালে ওঠার জন্যই খেলবে না। চাইবে প্রতিযোগিতার গ্রুপ পর্বে জার্মান দলটির কাছে হারের প্রতিশোধও নিতে। বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে হারলেও আজকের ম্যাচে ফলটা ভিন্ন হবে বলেই বিশ্বাস রিয়াল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার। যদিও আর্জেন্টাইন এই স্ট্রাইকার জানিয়েছেন বরুশিয়াকে হারানো সহজ হবে না। জার্মান দলটি ইতোমধ্যে বায়ার্ন মিউনিখের কাছে বুন্দেশলিগার শিরোপা খোয়ালেও গ্রুপ পর্বে রিয়ালকে টপকেই শেষ ষোলয় খেলে। স্প্যানিশ ক্লাবটির মাঠে গত অক্টোবরে গ্রুপ পর্বের প্রথম লেগে ২-২ গোলে ড্র করে এলেও পরে ফিরতি লেগে নিজেদের মাঠে ২-১ গোলে জয়ী হয়। সেই সুবাদে রিয়ালকে টপকে গ্রুপ চ্যাম্পিয়নও হয় তারা। তারপরও মারিয়া মনে করেন আজকের লড়াইয়ে অন্য এক রিয়ালকেই দেখতে পাবে ফুটবলামোদীরা। কারণ গ্রুপ পর্বের চেয়ে বর্তমান দলটি অনেক বেশী পরিণত এবং আক্রমণাত্মক। রিয়ালের হয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে মাঠে নামার আগে এই উইঙ্গার বলেন, ‘প্রথমদিকের ম্যাচগুলোর চেয়ে আমরা এখন অনেক বেশী ভাল খেলছি। আমরা আগের চেয়ে অনেক বেশী ঐক্যবদ্ধ। আমাদের সময়টাও আগের চেয়ে অনেক বেশী ভাল যাচ্ছে। আমাদের রক্ষণ আগের চেয়ে অনেক বেশী জমাট। আমাদের আত্মবিশ্বাসেরও কোন কমতি নেই।’ তবে জার্মান প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটা যে মোটেই সহজ হবে না সেটা ভালই বুঝতে পারছেন এই তারকা। আর এর অন্যতম কারণ হচ্ছে দু’দলেরই খেলার ধরন প্রায় একই রকম। বরাবরের মতোই পাল্টা আক্রমণই দু’দলের মূল অস্ত্র হিসেবে কাজ করে। মারিয়া বলেন, ‘ফাইনালে যাওয়াটা মোটেই সহজ হবে না। আমরা জানি বরুশিয়া আর আমাদের খেলার ধরনটা প্রায় একই রকম। পাল্টা আক্রমণে তারা দুর্দান্ত। ডর্টমুন্ড দারুণ ফর্মে আছে। আমরা ইতোমধ্যেই সেটা টেরও পেয়েছি। তাদেরকে হারাতে হলে আমাদের শতভাগ উজাড় করে খেলতে হবে। তবে যখনই ইউরোপে অন্য কোন দেশে খেলি, আমরা গোল পাই।’ প্রতিপক্ষের পাশাপাশি রিয়ালকে আজ লড়তে হবে পরিবেশের বিরুদ্ধেও। ৬৮ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন সিগন্যাল ইদুনা পার্কে টিকেটের জন্য ভিড় জমিয়েছিলেন প্রায় পাঁচ লাখ মানুষ। তাদের হুড়োহুড়ির জন্য কর্তৃপক্ষ শেষ পর্যন্ত পুলিশ মোতায়েনে বাধ্য হয়। আর ম্যাচের পুরো টিকিট বিক্রি শেষ হয় মাত্র এক ঘন্টায়! বরুশিয়ার জন্য সুখবর হচ্ছে, দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কিকে আজকের ম্যাচে তারা হয়তো মাঠে পাচ্ছে প্রথম মিনিট থেকেই। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইনজুরি কাটিয়ে ফিরছেন তিনি। তবে ইনজুরির কারণে অধিনায়ক সেবাস্টিয়ান কেল এবং ভেন বেন্ডারের খেলা এখনও নিশ্চিত নয়।