অতি আত্নবিশ্বাসই তাহলে ফরিদপুরকে ডোবালো? জাতীয় দলের বর্তমান ও সাবেক এক ঝাক তারকা নিয়ে গড়া ফরিদপুর জেলা দল ফাইনালের আগে যেন পাত্তাই দিচ্ছিল না বাংলাদেশ সেনাবাহিনীর হকি দলকে। কিন্তু সেই সেনাবাহিনী দলের কাছেই ৬-২ গোলে হেরে গেল ইসা মিয়া, মুসা মিয়া, ইয়ামিন আহমেদদের ফরিদপুর।
ফাইনালে সেনাবাহিনী ৬-২ গোলে ফরিদপুর জেলাকে হারিয়ে বাংলাদেশ গেমস হকিতে চ্যাম্পিয়ন হয়েছে। স্বর্ণ জয়ী সেনাবাহিনীর মিলন হোসেন ও সাব্বির হোসেন ২টি করে এবং রোকনুজ্জামান, আব্দুল মালেক একুটি করে গোল করেছে। আর ফরিদপুর জেলার স্বান্তনাসূচক গোলদুটি করেছেন এনামুল কবির, হাসান জুবায়ের।
ফরিদপুরকে হারানোটা অবশ্য সেনাবাহিনী দলের জন্য নতুন কিছু নয়। গত বছর জাতীয় হকিতে এই ফরিদপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনাবাহিনী। কাল আবার এই দুই দল ফাইনালে উঠেছিল। একটা জমাট লড়াই হবে আশায় নেমে ছিল দুই দল। কিন্তু ফরিদপুরের দুই তরুণ কৌশিক এবং মিমো গতকাল সেনাবাহিনীর বিরুদ্ধে খেলতেই পারেননি।
সেনাবাহিনীই প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল। সেখান থেকে সমতা আনে ফরিদপুর। আবার দুই গোল করে এগিয়ে যায় সেনাবাহিনী। এর মধ্যে ফরিদপুর একবার গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জাতীয় দলের সাবেক ও বর্তমান একাধিক খেলোয়াড় নিয়ে গড়া দল ফরিদপুর।
