গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল, এবার প্রথম রাউন্ড থেকেই বিদায়। তবে, এমন অবমাননার পরেও দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে ইংলিশ দল চেলসি। প্রথমবারের মতো পর পর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ের হাতছানি ব্লুজদের সামনে। আর তাই চেলসির লক্ষ্য এখন ইতিহাস গড়া, এমনটাই জানালেন দলের গোলরক্ষক পিটার চেক।
প্রিমিয়ার লিগে স্বস্তিতে নেই ব্লুজরা, ক্যাপিটাল ওয়ান কাপ আর এফএ কাপ থেকেও সেমিফাইনালের পর আর সামনে যাওয়া হয়নি তাদের। তাই এখন ইউরোপা লিগই ভরসা কোচ রাফায়েল বেনিতেজের দলের। আর জয়ের ব্যাপারে বেশ আশাবাদী পিটার চেক, ‘আমরা ইউরোপা লিগের সেমিফাইনালে জিততে চাই। আমরা ইতিহাসের প্রথম দল হিসেবে পর পর চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগ জয়ের সামনে আছি। তাই জিততে পারলে দারুণ একটা ব্যাপার হবে। আরেকটি ইউরোপীয় ট্রফি স্ট্যামফোর্ড ব্রিজে আমরা আনতে চাই। আর এই লিগ জিততে পারলে আমরা সফলভাবেই মৌসুম শেষ করতে পারবো।’
একই আশাবাদ জানালেন ফার্নান্দো তোরেস। স্প্যানিশ এই তারকা স্ট্রাইকার উয়েফা ডট কমকে বলেছেন,‘ এই টুর্নামেন্ট দলকে যথেষ্ট সহায়তা করেছে। যে কোন শিরোপাই আমাদের জন্য যথেষ্ট তৃপ্তিদায়ক। চলতি মৌসুমে আমরা প্রিমিয়ার লিগ থেকে কিছুই পাইনি। আমরা এফএ কাপের সেমিফাইনালেও পরাজিত হয়েছি। সুতরাং এখন আমরা আরো সংঘবদ্ধ।’
যদিও দলটির অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজ যদি আবারো রোটেশন পদ্ধতির প্রয়োগ ঘটান তাহলে হয়তো সাইডলাইনে বসেই ম্যাচটি দেখতে হবে স্প্যানিশ ওই তারকাকে। তিনি বলেন, ‘তবে ইউরোপা লিগ আমাদেরকে একটি ভাল অবস্থানে রেখেছে। আশা করছি এটি একটি ভাল মৌসুম হতে যাচ্ছে।’
আজকের ম্যাচ : সেমিফাইনাল (প্রথম লেগ)
এফসি বার্সেল - চেলসি
ফেনেরব্যাচ - বেনফিকা
