অষ্টম বাংলাদেশ গেমসে সেরা সাঁতারু হয়েছেন সেনাবাহিনীর জুয়েল আহমেদ এবং নৌবাহিনীর নাজমা খাতুন। আর নৌবাহিনী ২২টি স্বর্ণ ১৭টি রৌপ্য, ১০টি ব্রোঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ১০টি স্বর্ণ, ৯টি রৌপ্য, ৮টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ হয় সেনাবাহিনী।
বিকেএসপি ৯টি স্বর্ণ ৮টি ১৫টি ব্রোঞ্জ পেয়ে তৃতীয় হয়েছে। বরাবর যে প্রতিষ্ঠানটিতে পদক জয়ের ছড়াছড়ি হয় সেই আনসার এবার বাংলাদেশ গেমসের অষ্টম আসরে মাত্র একটি স্বর্ণ জয় করেছে। তাদের পদক সংখ্যা সব মিলিয়ে ১টি স্বর্ণ, ৮টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ। জাতীয় দলের সাবেক তারকা সাঁতারু ডলি আক্তার একটি স্বর্ণ জয় করায় আনসারের মান রক্ষা হয়েছে। সেনাবহিনী চ্যাম্পিয়ন না হলেও তাদের কৃতী সাঁতারু জুয়েল আহমেদ একটি জাতীয় রেকর্ড সহ ৬টি স্বর্ণ, ১২টি রৌপ্য জয় করে সেরা সাঁতারু হয়েছেন। নৌবাহিনীর মাহফিজুর রহমান ৪, রুবেল রানা, অনিক ইসলাম, শরিফুল ইসলাম একটি স্বর্ণ জয় করে শীর্ষ স্থান পেয়েছেন। মেয়েদের মধ্যে নৌবাহিনীর নাজমা খাতুন ৪টি স্বর্ণ জয় করে সেরা সাঁতারু হয়েছেন। গতকাল বাংলাদেশে গেমসের শেষ দিনে নতুন দুটি জাতীয় রেকর্ডই গড়েছেন নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগর। ৪০০ মিটার ফ্রিস্টইল এবং ১০০ মিটার ফিস্টাইল ইভেন্টে রেকর্ড হয়।
ওয়াটার পোলোতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ নৌবাহিনী। পুলিশ তৃতীয় হয়েছে।
ভলিবল ফাইনাল আজ
অষ্টম বাংলাদেশ গেমস ভলিবল মহিলা ও পুরুষ ফাইনাল। প্রথম ফাইনালে আজ বিকাল তিনটায় সেনাবাহিনী খেলবে তিতাস ক্লাবের বিরুদ্ধে। বিকাল চারটায় পুরুষ ফাইনালে মুখোমুখি হবেন আনসার ও বিজেএমসি।
ফুটবলের সেমিফাইনাল আজ
অষ্টম বাংলাদেশ গেমস ফুটবলের সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ঝিনাইদহ-বরিশাল এবং নোয়াখালী-বিকেএসপি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এদিকে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল মঙ্গলবারের প্রথম ম্যাচে মৌলভীবাজার জেলা ৫-২ গোলের বড় ব্যবধানে হারায় মানিকগঞ্জ জেলাকে। বিজয়ী দলের মামুন মিয়া হ্যাট্রিকসহ চার গোল করেন। দলের অন্য গোলটি আসে শিপন মিয়ার পা থেকে। মানিকগঞ্জের পক্ষে রুবেল রানা এবং তারিকুল দুটি গোল করেন।
দিনের অন্য ম্যাচে ফয়সাল জুয়েলের একমাত্র গোলে বিকেএসপি হারায় বরিশাল জেলাকে। -বাসস
