একতরফা এক ম্যাচে বার্সেলোনাকে গুঁড়িয়ে দেয়ার পরে উচ্ছ্বসিত বায়ার্ন মিউনিখ সভাপতি কার্ল হেইঞ্জ রুমেনিগে চেপে রাখতে পারছেন না তার আবেগ। খেলোয়াড়দের প্রসংশায় পঞ্চমুখ এই জার্মান কিংবদন্তি বলছেন, এটা স্বপ্ন সত্যি হবার মতোই একটা ব্যাপার।
এই ম্যাচের আগে দু’দলের সর্বশেষ লড়াইয়ে বছর চারেক আগে বায়ার্ন মিউনিখকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। আর গত মঙ্গলবার রাতে মহারণে নামার আগে রুমেনিগে সেই ম্যাচের কথা স্মরণ করে বলেছিলেন, ‘বেদনাময় সেই ম্যাচটার কথা আর ভাবতে চাই না। এতদিনে আমরা কতটা এগিয়েছি সেটাই দেখিয়ে দেয়ার সুযোগ এখন।’
চার বছরের চেপে রাখা কষ্টের আগুনে পুরে ছাই হলো বার্সা। তার দল স্প্যানিশ জায়ান্টদের পরিণত করলো সাধারণ মানের একটি দলে। কিভাবে এই উচ্ছ্বাস চেপে রাখবেন রুমেনিগে! স্কাই ডাচল্যান্ডকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমরা পৃথিবীর সেরা দলটাকে ৪-০ গোলে হারিয়েছি। এটা ছিল স্বপ্নের মতো একটা ম্যাচ। আমরা অদ্ভুত সুন্দর খেলেছি। প্রতিপক্ষকে আমরা কোন সুযোগই দেইনি। আমার মনে হয় না বার্সা এর আগে এমন কোন ম্যাচ খেলেছে, যেখানে তারা এত কম সুযোগ সৃষ্টি করতে পেরেছে।’
রুমেনিগে প্রসংশার বৃষ্টিতে ভিজিয়েছেন ম্যাচের নায়ক মুলারকেও। দুই অর্ধে দুটি গোল দিয়ে বার্সাকে ম্যাচ থেকে ছিটকে দেয়া মুলার সম্পর্কে তিনি বলেন, ‘টমাস মুলারের জন্য এটি ছিল অসাধারণ একটা ম্যাচ।’
