বরুশিয়ায় বিধ্বস্তের পরও আশাবাদী মরিনহো

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২২:২১
বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে গত বুধবার রাতে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকেই ছিটকে পড়ার আশংকা দেখা দিয়েছে রিয়াল মাদ্রিদের। কিন্তু রিয়াল কোচ হোসে মরিনহো এখনই আশা হারাচ্ছেন না। তিনি বলছেন, তার দলের পক্ষে এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব। লেন্ডস্কি একাই রিয়ালের বিরুদ্ধে চার গোল করলে বার্সেলোনার দশায় পড়ে তাদের লা লিগা প্রতিদ্বন্দ্বীরা। কোচ টিটো ভিলানোভার দল এর আগের রাতেই বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। জার্মানদের কাছে স্প্যানিশদের অমন দুর্দশায় সেমিফাইনালের ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে না পারলে ২৫ মে ওয়েম্বলিতে ‘অল জার্মান’ ফাইনাল দেখতে পাবেন ফুটবলামোদীরা। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্বপূর্ণ ‘অ্যাওয়ে গোল’ বার্সার চেয়ে সেমিফাইনালের দ্বিতীয় লেগে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে আছে রিয়াল। রোনালদোর এই গোলকে পুঁজি করেই দ্বিতীয় লেগে লড়তে চায় রিয়াল। এই ম্যাচ হেরে যাওয়াতেই সব শেষ, এমনটা মোটেই ভাবছেন না মরিনহো। বরং ফাইনালে যাওয়ার জন্যই সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী মঙ্গলবার নামবে তার দল। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ বলেন, ‘ফুটবলে এতদিনে আমি অন্তত এটা শিখেছি, ফুটবলে যে কোন কিছুই ঘটতে পারে। কঠিন একটা সপ্তাহ আমাদের জন্য অপেক্ষা করছে সন্দেহ নেই। তবে কিছুই অসম্ভব নয়। আমার খেলোয়াড়রা পরের সপ্তাহে এটাই প্রমাণের চেষ্টা করবে।’ ডর্টমুন্ডকে অবশ্য প্রাপ্য কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি ৫০ বছর বয়সী এই কোচ। খেলাটিতে ডর্টমুন্ডই শ্রেয়তর দল ছিল জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সেরা দলই জিতেছে। ব্যক্তিগত এবং সামষ্টিক নৈপুণ্যে ডর্টমুন্ড এগিয়ে ছিল এবং জয়টা তাদের প্রাপ্য ছিল। বল দখলের লড়াইয়েও তারা এগিয়ে ছিল এবং আমাদের চেয়ে অনেক বেশি গতিশীল খেলা উপহার দিয়েছে। যখনই আমরা বলের দখল নিতে চেয়েছি তখনই তারা আমাদের চেপে ধরেছে। তবে আমরা ফিরে আসার ক্ষমতা রাখি।’ এসি মিলানের কাছে ১৯৮৮-৮৯ সালে ৫-০ গোলে হারের পরে ইউরোপিয়ান পর্যায়ে এটাই রিয়ালের সবচেয়ে বড় পরাজয়। তবে রিয়ালকে উড়িয়ে দেয়ার পরও এখনই সবকিছু নিশ্চিত ধরে নিচ্ছেন না বরুশিয়ার কোচ ইয়ুর্গেন ক্লপও। বরং দ্বিতীয় লেগের দিকে সতর্ক দৃষ্টি তার, ‘আমাদের দৃষ্টি একদিকে নিবদ্ধ রাখতে হবে। আমাদের মাদ্রিদে যেতে হবে এবং সেটা মোটেই সহজ কিছু নয়।’ তবে দ্বিতীয় লেগে তার দল মোটেই রক্ষণাত্মক খেলবে না জানিয়ে ক্লপ বলেন, ‘কিছুই নিশ্চিত নয়। এখনও অর্ধেক সময় বাকি আছে। আমি শুধু একটা বিষয়ই নিশ্চিতভাবে জানি সেটা হলো, আমার দল সেখানে শুধু গোল ব্যবধান ধরে রাখার জন্য যাব না।’