মাঠে ফিরতে মরিয়া ক্যাসিয়াস

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২১:১৪
রিয়াল মাদ্রিদের মূল একাদশে ফিরতে মরিয়া ইকার ক্যাসিয়াস বলেছেন, মাঠে ফেরার জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত তিনি। গত জানুয়ারি মাসে হাতের আঙ্গুল ভেঙ্গে মাঠের বাইরে চলে যাওয়ার পরে রিয়ালের হয়ে আর মাঠে নামা হয়নি ক্যাসিয়াসের। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে কোপা ডেল রে টুর্নামেন্টে ১-১ গোলে ড্র হওয়া একটি ম্যাচে বাম হাতে আঘাত পান ক্যাসিয়াস। সতীর্থ আলভারো আরবিওলা বল ক্লিয়ার করতে গেলে দুর্ঘটনাবশত লাথি লাগে ক্যাসিয়াসের হাতে। হাতের হাঁড় ভেঙ্গে যায় ক্যাসিয়াসের। ফলশ্রুতিতে গত কয়েক মাস ধরেই মাঠের বাইরে ক্যাসিয়াস। ক্যাসিয়াসের বিকল্প হিসেবে রিয়াল কয়েক দিনের মধ্যেই চুক্তিবদ্ধ করে সাবেক সেভিলা এবং ভিলেরিয়াল গোলরক্ষক ডিয়েগো লোপেজকে। এ মাসের শুরুতে রিয়ালের মেডিক্যাল টিম ক্যাসিয়াসকে মাঠে নামার ব্যাপারে সবুজ সংকেত দিলেও কোচ হোসে মরিনহো আস্থা রাখছেন লোপেজের উপরেই। তাই চাইলেও মাঠে নামা হচ্ছে না স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়কের। তবে তাই বলে হাত গুটিয়ে বসে নেই ক্যাসিয়াস। লড়াই করেই নিজের জায়গাটা ফিরে পেতে চান ৩১ বছর বয়সী এই তারকা। মূল একাদশে ফিরতে বদ্ধপরিকর ক্যাসিয়াস বলেন, ‘আমি এক মুহূর্তের জন্যও হাল ছাড়ছি না। এটা ডিয়েগো লোপেজের জন্যও ইতিবাচক। আমি তাকে তাড়া দিতে থাকব এবং এটা তার ভিতরের তাড়নাকে আরো বাড়িয়ে দেবে। সে দারুণ কিছু পারফরম্যান্স উপহার দিয়েছে এবং সেটা দলকে এই অবস্থায় পৌঁছাতে সাহায্য করেছে।’ নিজেকে ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট ঘোষণা করে ক্যাসিয়াস আরো বলেন, ‘আমি খেলার জন্য প্রস্তুত। কোচ চাইলেই আমাকে পেতে পারেন এবং দলকে সাহায্য করতে আমি প্রস্তুত। তবে কোচই সিদ্ধান্ত নেবেন কে খেলবে; আমি নই। আমাকে এখন সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। তিনটি মাস মাঠের বাইরে কাটানোর পরে আমি এখন খেলার জন্য শিশুদের মতোই উদগ্রীব।’