চ্যম্পিয়ন্স ট্রফির দলের সঙ্গে গোয়েন্দা পাঠাবে পিসিবি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২২:০৪
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন চ্যাম্পিয়ন্স টফিতে অংশগ্রহণকারী পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সঙ্গে একজন গোয়েন্দা কর্মকর্তা প্রেরণ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১০ সালের মত স্পট ফিক্সিংয়ের মত আর যেন কোন বদনাম না ঘটে সে জন্য তারা এ সিদ্ধান্ত নিয়েছে। পিসিবি সভাপতি জাকা আশরাফ শুক্রবার একটি সংবাদ সংস্থাকে বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। যাতে তিন বছর আগের স্পট ফিক্সিংয়ের মত কলঙ্কিত কোন অধ্যায়ে ইংল্যান্ড সফরকারী পাকিস্তানকে আর পড়তে না হয়। আশরাফ বলেন, ‘নিরাপত্তা ম্যানেজারের সঙ্গে আমরা দলে একজন গোয়েন্দা কর্মকর্তাকে প্রেরণ করছি। শুধু তাই নয়, বিশেষ কোড অব কন্ডাক্টের আওতায় আমরা খেলোয়াড়দের সেখানে পাঠাব।’ আগামী মে মাসে ওয়ানডে সিরিজ খেলতে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফর করবে পাকিস্তান। এরপর তারা দল পাঠাবে ইংল্যান্ডে। ২০১০ সালে লর্ডসে চতুর্থ টেস্ট চলাকালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হন পাকিস্তান দলের অধিনায়ক সালমান বাট ও তার দুই সতীর্থ মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমের। ওই ঘটনার পর এটিই হবে পাকিস্তান দলের প্রথমবারের মত ইংল্যান্ড সফর। ওই ঘটনার জের ধরে ২০১১ সালের শেষ দিকে লন্ডনের একটি আদালতের নির্দেশে কারাবরণ করতে হয় ওই তিন ক্রিকেটারকে। সাজা ভোগ করে তারা পাকিস্তান ফিরে আসে। আশরাফ বলেন, ‘আগেরবার যে ভুলটি আমরা করেছি, সেটির আর পুনরাবৃত্তি ঘটতে দিতে চাই না। আমাদেরকে পাকিস্তানের মান সম্মানের প্রতি দৃষ্টি দিতে হবে।’ সফরে পাকিস্তানের প্রত্যাশা কি সেটি জানাতে আশরাফ ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের ব্রিফিং করবেন বলেও উল্লে¬খ করেন। তিনি বলেন, আমরা চাই না অযাচিত কোন লোক দলের সান্নিধ্যে আসুক এবং খেলোয়াড়রা নতুন কোন ফাঁদে জড়িয়ে পড়ুক। চতুর্থ পাকিস্তানি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিষেধাজ্ঞায় পড়েছেন দানিশ কানেরিয়া। গত বছর দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তার ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। যার বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। - বাসস/এএফপি