মাত্র সপ্তাহখানেক আগেই মাইক্রোসফট চুক্তি করেছে ফক্সকনের সাথে। এবারে চীনের জায়ান্ট জেডটিই’র সাথেও অ্যান্ড্রয়েড এবং ক্রোম প্যাটেন্ট নিয়ে চুক্তি সম্পাদন করেছে তারা। মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড এবং পিসি অপারেটিং সিস্টেম হিসেবে ক্রোম ওএস তৈরি করেছে গুগল। এদিকে গুগল এই দুই অপারেটিং সিস্টেম তৈরি করলেও মাইক্রোসফটের দাবী, দুইটি অপারেটিং সিস্টেমেরই আভ্যন্তরীণ কিছু প্রযুক্তি ও সফটওয়্যারের মেধাস্বত্ত্ব তাদের। তবে অন্যান্যদের প্যাটেন্টও ব্যবহারের জন্য মাইক্রোসফট গত এক দশক ধরে নানা ধরনের চুক্তি করে আসছে। এরই ধারাবাহিকতাতেই জেডটিই’র সাথে চুক্তিবদ্ধ হলো তারা। মাইক্রোসফট জানিয়েছে, কেবল এসব চুক্তির কারণে গত এক দশকে তাদের খরচ করতে হয়েছে ৪০০ কোটি ডলারেরও বেশি।
