ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ঘোষিত ‘গার্লস ইন আইসিটি ডে ২০১৩’ দিবস বাংলাদেশে যৌথভাবে পালন করল বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি (বিডাব্লিউআইটি) এবং ইউসেপ-বাংলাদেশ। সম্প্রতি ইউসেপ-বাংলাদেশের মিরপুরস্থ প্রধান কার্যালয়ে এ উপলক্ষে ইউসেপে অধ্যায়নরত সমাজের সুবিধা বঞ্চিত মেয়েদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিডাব্লিউআইটির সভানেত্রী লুনা শামসুদ্দোহা এ দিবসের প্রতিপাদ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘আইটিইউর সহযোগিতায় ২০১০ সাল থেকে জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশে প্রতিবছর এপ্রিল মাসের চতুর্থ বৃহস্পতিবার ‘গার্লস ইন আইসিটি ডে’ পালন করা হচ্ছে। এ দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং কাজের উপযুক্ত পরিবেশ তৈরিকে উত্সাহিত করা। অনুষ্ঠানে ইউসেপ-বালাদেশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আফতাব উদ্দিন আহমদ। বাংলাদেশে আমেরিকান সেন্টারের পাবলিক ডিপ্লোমেসি অফিসার ক্লাউডিয় এ পেজ এ সময় এসব সুবিধা বঞ্চিত মেয়েদের ফ্রি আমেরিকান সেন্টারের সদস্য করার ঘোষণা দেন।
