ইরাকে সরকারের বিরুদ্ধে নতুন করে সুন্নিদের বিক্ষোভ শুরু হয়েছে। সেখানে মঙ্গলবার শুরু হওয়া সহিংসতায় এপর্যন্ত ১৯০জন নিহত হয়েছেন। ইরাকে শিয়া ও সুন্নিদের মাঝে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। হাজার হাজার সুন্নি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানানোর জন্য সমবেত হয়।
তারা সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনেন। জাতিসংঘের দূত মার্টিন কপলার উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরাক একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। তিনি সকলকে সহিংস আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার বাগদাদের চারটি সুন্নি মসজিদে বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। সালাউদ্দিন প্রদেশের সুলেমান বেগ শহরের নিয়ন্ত্রণ নেয়ার সময় সরকারি বাহিনীর সাথে সুন্নি যোদ্ধাদের লড়াই হয়। শহরটির নিয়ন্ত্রণ কাদের হাতে তা এখনও স্পষ্ট নয়।
চারমাস আগে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। সর্বশেষ বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৫৩ নিহত হওয়ার পর ইরাকে সহিংসতা ভয়ঙ্কর রূপ নেয়। সুন্নিরা নুরি আল মালিকির পদত্যাগ দাবি করছে। সুন্নি নেতা আব্দুল গফুর এবং শিয়া নেতা সালেহ আল হায়দারি গত বুধবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে উভয়পক্ষকে শান্ত থাকার আহবান জানান। তারা এ ব্যাপারে ইরাকের শীর্ষ রাজনীতিবিদদের আলোচনায় বসার আহবান জানান। মালিকি নিজেও বৃহস্পতিবার টেলিভিশন ভাষণে ইরাকে গৃহযুদ্ধের আশংকা প্রকাশ করেন।
