আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ৩০

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৩৩
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তেল ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রদেশের মাইওয়ান্দ এলাকায় কাবুল-কান্দাহার মহাসড়কে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে এবং কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ মানুষের দেহই মারাত্মকভাবে পুড়ে গেছে। আফগানিস্তানের মহাসড়কগুলো বিশ্বে সবচেয়ে বিপদসঙ্কুল এবং এসব রাস্তায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকারটি তালেবান হামলার শিকার হয়ে রাস্তায় পড়ে ছিল। কিন্তু কখন এ হামলা হয়েছিল এবং বাসটি ট্যাংকারের সঙ্গে টক্কর খাওয়ার সময়ও সেটি জ্বলছিল কিনা তা স্পষ্ট জানা যায়নি। গত সেপ্টেম্বরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে একটি তেল ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জন নিহত হয়।