শারাপোভা শেষ চারে

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৪২
মারিয়া শারাপোভা পোর্শে গ্র্যা প্রির শেষ চার নিশ্চিত করেছেন। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে গত শুক্রবার তিনি ৭-৫,৪-৬,৬-৪ গেমে আনা ইভানোভিচকে হারিয়ে এই কৃতিত্ব দেখান। আসন্ন লড়াইয়ে তার প্রতিপক্ষ হবেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবার। অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন চীনের লি না ও আমেরিকান বেথানি ম্যাটেক-স্যান্ডস। বর্তমান চ্যাম্পিয়ন শারাপোভা দ্বিতীয় রাউন্ডে তিন ঘন্টারও বেশি সময় নিয়ে লুসি সাফারোভাকে হারানোর পর সর্বশেষ খেলাটিতেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন। তবে আগের দিনের চেয়ে এক ঘন্টা কম সময় নিয়েই অবশ্য সেই চ্যালেঞ্জে উেড় গেছেন রুশি এই টেনিস কন্যা। শারাপোভা জয়ের পরে সাংবাদিকদের বলেন, ‘আমার শরীর আর চলছিল না। ম্যাচের আগে কিছু সময় অনুশীলনের প্রয়োজন ছিল। আরেকটা কঠিন ম্যাচ খেললাম।’ প্রথম দু’টি সেট দু’জনে ভাগাভাগি করে নেয়ার পরে তৃতীয় সেটটি হয়ে ওঠে ফল নির্ধারক। সেখানে ৪-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় ইভানোভিচের সার্ভে পয়েন্ট তুলে নিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যান শারাপোভা। পরে দ্বিতীয়বারের চেষ্টায় ম্যাচ পয়েন্ট তুলে নিয়ে স্টুটগার্টে টানা দ্বিতীয় শিরোপার দিকে আরো এক ধাপ এগিয়ে যান তিনি। সাবেক বিশ্বসেরা এবং ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইভানোভিচকে হারাতে পেরে উচ্ছ্বসিত শারাপোভা আরো বলেন, ‘আনার জন্যও এটা বড় ম্যাচ ছিল। আমার শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে এবং তাকে টপকাতে পেরে আমি খুশি।’ ফাইনালে ওঠার লড়াইয়ে শারাপোভার প্রতিপক্ষ হবেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবার। এদিকে দিনের অন্যান্য ম্যাচে লি না ৬-৩,৭-৫ গেমে হারিয়েছেন পেত্রা কোভিতভাকে। শেষ চারে তার প্রতিপক্ষ হবেন বেথানি ম্যাটেক-স্যান্ডস। দ্বিতীয় রাউন্ডে সারা এরানিকে হারিয়ে চমকে দেয়া এই আমেরিকান কোয়ার্টার ফাইনালে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন জার্মানির স্যাবাইন লিসিকিকে।